চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে পদ্মার ভয়াবহ ভাঙ্গন অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার ভাঙ্গনের তীব্রতায় রাজরাজেশ্বর মোজাফ্ফরিয়া দাখিল মাদ্রাসা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এর আগে ওমর আলী হাই স্কুলটি ভেঙ্গে ফেলা হয়। পদ্মার হিংস্রতায় অনিশ্চিত হয়ে পড়েছে এখানকার ছেলে মেয়েদের শিক্ষা কার্যক্রম। ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী জানান, পুরো রাজরাজেশ্বর ইউনিয়নই পদ্মার ভাঙ্গনের শিকার। আজকের মধ্যে ইউপি কার্যালয় ভেঙ্গে ফেলতে হবে। বহু বাড়ি ঘর, জায়গা জমি, হাট-বাজারসহ বিস্তীর্ণ এলাকা নদীতে চলে গেছে। শত শত পরিবার ভিটে মাটি হারিয়ে নিঃস্ব। আল্লাহ রহমত করলে এ ভাঙ্গন বন্ধ হবে।
আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী দেওয়ান তৈমুর হাসান টিপু জানান, মান্দের বাজার, দেওয়ান কান্দি, বন্দুকশী বাজারের অস্তিত্ব নেই। স্কুলের পর মাদ্রাসা নদীতে বিলীন। ইউনিয়ন পরিষদ ও বাজার আজকালের মধ্যে থাকবে না।
