স্টাফ রিপোর্টার: চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা গতকাল ১৩ মে রোববার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মইনুল হাসান। সভার শুরুতে বিগত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ এবং এর অগ্রগতি প্রতিবেদন পেশ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। আইনশৃঙ্খলাসহ জনস্বার্থে সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের জন্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী ও চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ তাজ বিল্লাহ প্রমুখ। সভায় উম্মুক্ত আলোচনা থেকে আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং, খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা, জঙ্গিবাদ যেনো মাথাচাড়া দিয়ে না ওঠে সেজন্যে উপজেলা ও পৌর এলাকাসমূহের চিহ্নিত মাদ্রাসাগুলোর কর্মকা-ের প্রতি সজাগ দৃষ্টি থাকা, চাঁদপুর থেকে ছদ্মবেশে কোনো রোহিঙ্গা যেনো পাসপোর্ট করতে না পারে তার জন্যে সতর্ক দৃষ্টি রাখা এবং রাস্তায় লাইসেন্সবিহীন অটোবাইক ও সিএনজিস্কুটার চলাচল বন্ধ করতে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ সফিকুল ইসলাম, চাঁদপুর আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আনোয়ারুল আজিম, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, চাঁদপুর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ রেজাউল করিম ভূঁইয়া, বিভিন্ন উপজেলার ইউএনও, থানার ওসিগণ, কোস্টগার্ড কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যরা।
পুলিশ সুপার শামসুন্নাহার তাঁর বক্তব্যে বলেন, আজকের মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে হিসেবে উপস্থিতি খুবই কম, বিষয়টি দুঃখজনক। সামনে রোজা এবং মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আসছে। এখানে নদীবন্দর, রেল স্টেশন রয়েছে, আছে সড়কপথও। সবদিক দিয়ে যোগাযোগের একটা চাপ সৃষ্টি হয়। পাশাপাশি যতো ধরনের অপরাধ যেমন লঞ্চঘাট, রেল স্টেশন ও বাসস্ট্যান্ডে চাঁদাবাজি এবং ছোটখাটো ছিনতাইয়ের ঘটনা ঈদের কারণে বেড়ে যায়। আরো আছে রাস্তায় গাড়ির চাপ। প্রতিনিয়ত গাড়ির সংখ্যা বাড়তেই থাকে। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সবসময় তৎপর রয়েছে। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করে তিনি আরো বলেন, দয়া করে কেউ যেনো খাদ্যে ভেজাল না করেন এবং পণ্যের অতিমাত্রা দাম উঠানো এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেনো দেখেন। আইনশৃঙ্খলা সন্তোষজনক অবস্থায় রয়েছে জানিয়ে তিনি বলেন, কয়েক মাস যাবৎ ডাকাতি নেই বললেই চলে। অন্যান্য অপরাধ একেবারেই কমের দিকে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদের সহযোগিতায় কাজ করে যাচ্ছি। মাদক ও জঙ্গিবাদ বিষয়টি আমাদের একার কাজ নয়, একেবারে ঘরে ঘরে প্রহরীর মতো কাজ করতে হবে। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আপনাদের সাথে পুলিশ প্রশাসন রয়েছে। রোজা ও ঈদকে ঘিরে আমাদের যার যেখানে দায়িত্ব তা যেনো সঠিকভাবে পালন করি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল তাঁর বক্তব্যের শুরুতে দেশ ও জাতির বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে সফল উৎক্ষেপণ হওয়ায় আল্লাহর নিকট শোকরিয়া আদায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি রমজান মাসকে উপলক্ষ করে সাধারণ মানুষের প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংয়ের উপর জোর দেয়ার জন্যে প্রশাসনকে অনুরোধ করেন। এছাড়া রাস্তায় অতিরিক্ত গাড়ির চাপ কমাতে অবৈধ অটোবাইক ও সিএনজি স্কুটার চলাচল বন্ধের পদক্ষেপ নিতেও বলেন।
সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ মইনুল হাসান উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, রমজান মাসে জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আরেকটি সভা হবে।
