মোঃ জামাল হোসেন ॥
শাহরাস্তিতে ৩ দিন ব্যাপী উপজেলা উন্নয়ন মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মেহের কালীবাড়ী থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তির সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ জেসমিন আকতার বানু, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক হাজী আব্দুল লতিফ, শাহরাস্তি প্রেস ক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাও. আবুল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ হাবিব আহসান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. দুলাল চন্দ্র ঘোষ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহম্মদ, একটি বাড়ী, একটি খামার প্রকল্পের সমন্বয়কারী মোঃ সোলয়মান, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিশদ দিক উল্লেখ করে বক্তব্য রাখেন। উপজেলা উন্নয়ন মেলায় বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে ১৫ টি স্টল অংশ নেয়।
মেলায় অংশ নেওয়া উপজেলা ভূমি অফিসের নাগরিক সেবা কেন্দ্রের দায়িত্বরত নাজির মোঃ জাহাঙ্গীর আলম জানান, নাগরিক সেবার মাধ্যমে ভূমি সংক্রান্ত যে কোন সমস্যা আমরা অল্প সময়ের মধ্যে মানুষকে সেবা দিতে পারছি। আগামী ২০ অক্টোবর থেকে অনলাইন কার্যক্রমের মাধ্যমে আমরা নামজারী জমাখারিজের আবেদন গ্রহণ করবো।
একটি বাড়ী, একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ সোলয়মান জানান, এ কার্যক্রমের আওতায় মৎস্য, হাঁসমুরগী, গবাদি পশু, নার্সারী, সবজি বাগান ও অন্যান্য ক্ষুদ্র খামারের সর্বমোট ২৪৬৯টি ক্ষুদ্র খামার স্থাপন করা হয়েছে। উপজেলার ৯০টি ওয়ার্ডে ৫০০৪টি পরিবার ৯০ টি সমিতির মাধ্যমে সর্বমোট ৩৩৮.১২ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। বর্তমানে এতে মোট তহবিল ৬০৬.২৬ কোটি টাকা। তিনি এ প্রকল্পের সার্বিক কল্যার্ণার্থে সকলের সহযোগিতা কামনা করেছেন।

