হাসানুজ্জামান :
চাঁদপুরের শাহরাস্তিতে চাঞ্চল্যকর নয়ন হত্যার ঘটনায় জড়িত আসামী আবুল খায়ের থানা পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল বুধবার সকালে আটককৃত ব্যক্তিকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। গত পরশু রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি মডেল থানার এসআই শ্যামল চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সাহেব বাজার থেকে মৃত আঃ খালেকের পুত্র আবুল খায়েরকে আটক করে। ঘটনার বিবরণে জানা যায়, টামটা দক্ষিন ইউনিয়নের টামটা পূর্ব পাড়া ছৈয়াল বাড়ির আঃ মান্নানের পুত্র রুবেল হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে পাশ্ববর্তি বাড়ির মৃত ইদু মিয়ার মাদ্রাসা পড়–য়া কন্যা নয়ন আক্তারকে ঢাকায় নিয়ে ধর্ষন করে। পরে রুবেল তাকে বিয়ে করতে অস্বীকার করলে সে গত ২৩ ডিসেম্বর ২০১২ রোববার সকালে রাগে ক্ষোভে নিজ গায়ে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়ে আত্মহত্যার চেষ্টা করে। বিয়ে প্রত্যাক্ষিত নয়ন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৩ জানুয়ারী ২০১৩ বৃহস্পতিবার বেলা আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যায়। এ বিষয়ে নিহত নয়নের মা নুরজাহান বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে থানা পুলিশ আসামী আবুল খায়েরকে আটক করে বলে থানা সূত্রে জানা যায়।
