
চাঁদপুর সংবাদদাতা:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শিশু জাহিদ হোসেন কে বিক্রি করার দায়ে অভিযুক্ত তার বাবা হারুনুর রশিদ কে লাকসাম রেলওয়ে জংশন থেকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। বুধবার বিকেলে তাকে আটক করা হয়। গত ৫ আগস্ট শিশু জাহিদ কে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায় তার বাবা। এরপর সে নোয়াখালী জেলার সোনাইমুিড় উপজেলায় রাজিবপুর গ্রামের প্রবাসী রাশেদের স্ত্রী হাসিনা আক্তারের নিকট বিক্রি করে দেয়। সন্তান কে না পেয়ে জাহিদের মা বাদী হয়ে ৬ আগস্ট শাহরাস্তি থানায় রাত সোয়া ১০ টায় মানব পাচার আইনে মামলা দায়ের করেন। পুলিশ সোনাইমুড়ি উপজেলা থেকে শিশু জাহিদ কে উদ্ধার করে এবং হাসিনা আক্তার কে আটক করে। মামলার প্রধান আসামিকে আটক করতে পুলিশ সুপারের নির্দেশে শাহরাস্তি থানা পুলিশ অভিযানে নামে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর হোনেস মামুন জানান, পুলিশ জানতে পারে সে একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে । সে সুযোগ কাজে লাগানো হয়। তাকে মহিলা সোর্সের মাধ্যমে বিবাহের লোভ দেখানোর ফাঁদে ফেলে আটক করা হয়। নেশার টাকা যোগাতে সে ২২ হাজার টাকার বিনিময়ে শিশু পুত্র জাহিদ কে বিক্রি করে। পুলিশ ধারনা করছে বহু বিবাহের কারণে সন্তানের প্রতি তার মায়ামমতা কম ছিল। বর্তমানে তার ৪ স্ত্রী রয়েছে । এ ছাড়াও সে মোট ৮ টি বিয়ে করেছে। শাহরাস্তি অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশে আমরা হারুন কে ধরতে তথ্য প্রযুক্তি কাজে লাগিয়েছি। সর্বক্ষণিকভাবে তার উপর নজরদারি করা হয় এ জন্য এ এস আই রকিবুল ইসলাম ও মোশারফ হোসেন কে দায়িত্ব দেয়া হয়। তারা কুমিল্লা রেলওয়ে ষ্টেশন, আখাউড়া জংশন, লাকসাম জংশনে তাকে ধরতে অভিযান চালায়। । হারুনকে চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
