
শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া ব্রীজের গোড়ায় রাস্তার উপর ফেলে রাখা বালিতে মোটর সাইকেল উল্টে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ১১টায় এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবু নাছের শাকিল তার হাসপাতালের ডিউটি শেষে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি উপজেলার আয়নাতলী গ্রামে ফিরছিলেন। এ সময় সূচীপাড়া ব্রীজের গোড়ায় রাস্তার উপর স্থানীয় ব্যবসায়ীদের ফেলা বালিতে মোটরসাইকেল উল্টে পড়ে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা যায়, দূর্ঘটনায় ওই চিকিৎসকের বাম হাতের আঙ্গুল ভেঙ্গে যায় এবং হাত ও পায়ের বিভিন্ন অংশ কেটে যায়।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সারোয়ার হোসেন জানান, দূর্ঘটনা কবলিত ওই চিকিৎসক বর্তমানে আশংকামুক্ত রয়েছেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/
