মোঃ জামাল হোসেন ॥
“দিন বদলের বাংলাদেশ-ফলে বৃক্ষে ভরবো দেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলী আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেন, পৌর আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান বেপারী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রুহুল আমিন, মোঃ আব্দুল মতিন সহ কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ ফলদ ও বৃক্ষ মেলায় ২৫ টি স্টল অংশ নেয়।

