
শাহরাস্তি প্রতিনিধিঃ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহা-সড়কের কালিয়াপাড়া বাজার এলাকায় তীব্র যানজটে জনজীবনে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা জানান মহাসড়কের দুইপাশে জেলা পরিষদের জায়গায় বৈধ-অবৈধ স্থাপনা নির্মাণের ফলে রাস্তার পাশ সংকুচিত হওয়ায় কচুয়া উপজেলার প্রবেশ পথের এ চৌরাস্তায় প্রতিদিনই যানজট লেগে থাকে। বিশেষ করে গাড়ী পার্কিংয়ের যায়গা না থাকায় রাস্তার উপরে ইচ্ছেমত গাড়ি পার্কিং, যাত্রী উঠানো-নামানো সহ যার যার মত করে যান চলাচলের কারণেই এ যানজট সৃষ্টি হয়। চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সাথে কচুয়া উপজেলার সংযোগের এ আঞ্চলিক মহাসড়ক যানজটমুক্ত রাখতে শাহরাস্তি পৌরসভা ও মালিক সমিতির ৫/৬ জন লাইনম্যান প্রতিনিয়ত কাজ করলেও যানজট লেগেই থাকে এ স্থানটিতে। সিএনজি অটো রিক্সা চালক মহিন উদ্দিন জানান, রাস্তার পাশে গাড়ী পার্কিংয়ের যায়গা না থাকায় রাস্তার উপরেই যাত্রী উঠানামা করতে হয়। পথচারী আঃ কাদের জানান, রাস্তার উপর বাস, ট্রাক, সিএনজি অটো রিক্সা ও অটো দাঁড়ানোর ফলে পায়ে হেঁটে রাস্তায় চলাচল করা যায় না। এ স্থানে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন কয়েক হাজার ছাত্রছাত্রী ও পথচারীকে চলতে হয়। পৌরসভা কর্তৃক নিযুক্ত একজন লাইনম্যান নাম প্রকাশ না করার শর্তে জানান, আমাদের কাজ হলো রাস্তায় গাড়ি সঠিকভাবে চলছে কিনা দেখভাল করা, গাড়ি দাঁড়ানোর জায়গা না থাকলে যাত্রী উঠানামা করবে কিভাবে? স্থানীয় বাসিন্দা মীর হোসেন বলেন, রাস্তার উপর যাত্রী উঠানামা বন্ধ করতে হলে সরকারী জায়গা দখলমুক্ত করা প্রয়োজন। সরেজমিনে জানা যায়, রাস্তার পাশে সরকারী লীজপ্রাপ্ত ও অবৈধ মিলিয়ে ২৫/৩০ টি দোকানঘর রয়েছে। যানজট নিরসনে এসব স্থাপনা অচিরেই দখলমুক্ত করা প্রয়োজন বলে মনে করছে স্থানীয়রা।
