
স্টাফ রিপোটার : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে তালতলা বাজারে ব্যবসায়ী কামাল মিজিকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার ঘটনায় মডেল থানায় দায়েরকৃত মামলার প্রধান আসামি চিহ্নিত সন্ত্রাসী অস্ত্রধারী বখতিয়ার উদ্দিন খিলজী (৪৮ )কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ ।গতকাল সোমবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ইসমাইল ও এএসআই হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে বাবুরহাট কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী কামাল মিজিকে রক্তাক্ত জখম করার ঘটনায় আহতের ভাই স্বপন মিজি বাদী হয়ে সন্ত্রাসী ও অস্ত্রধারী বখতিয়ার উদ্দিন খিলজীসহ ৩ জনকে আসামী করে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। (মামলা নং ৩৫ তারিখ ২৪ জুলাই ২০২০ । ধারা ৩০৭/৩২৩/৩২৫/৩৭৯/৫০৬ দ:বি )।মামলার প্রেক্ষিতে চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিনের নির্দেশে তদন্তকারী কর্মকর্তা অবশেষে সন্ত্রাসী বখতিয়ার খিলজীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। জানা গেছে,গত ২৩ জুলাই রাতে মৈশাদী তালতলা বাজার এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী বখতিয়ার খিলজী দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে কামাল মিজিকে কুপিয়ে জখম করেন। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় কামাল মিজিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বেডে চিকিৎসাধীন অবস্থায় আছে।
এদিকে সন্ত্রাসী অস্ত্রধারী বখতিয়ার খিলজীকে পুলিশ গ্রেফতার করায় এলাকায় ভুক্তভোগীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। বখতিয়ার খিলজী মৈশাদী এলাকায় অনেক অসহায় হতদরিদ্র ও ব্যবসায়ী লোকজনের উপর হামলা চালিয়ে আহত করেছেন। এছাড়া অন্য সম্পত্তি নিজের দাবি করে অনেক লোকের কাছ থেকে চাঁদা দাবি করেন। তার অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় এলাকাবাসী। এই সন্ত্রাসী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান সচেতন মহল।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ইসমাইল গতকাল সোমবার দৈনিক চাঁদপুর খবরকে জানান,অবশেষে বাবুরহাট কলেজের সামনে অভিযান চালিয়ে মামলার ১নং আসামী বখতিয়ার উদ্দিন খিলজীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি ।তাকে ব্যাপক জিজ্বাসাবাদ করা হবে । সে কোথায় অস্ত্র পেলে তাও বের করা হবে ।
এ ব্যাপারে মৈশাদী ইউপি মেম্বার ও বতমানে প্যানেল চেয়ারম্যান বজলুল গনি জিলন গতকাল সোমবার দৈনিক চাঁদপুর খবরকে জানান, সন্ত্রাসী অস্ত্রধারী বখতিয়ার উদ্দিন খিলজীকে পুলিশ গ্রেফতার করায় এলাকায় ভুক্তভোগীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।পরিষদের পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি ।
