ফরিদগঞ্জ:
ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কের পাশে থাকা সরকারি গাছ কাটার যেনো মহোৎসব চলছে। হরতালকারীরা এসব গাছ কেটে রাস্তায় ব্যারিকেড দিয়ে হরতাল করছে। গাছ কেটে রাস্তায় আড়াআড়ি ভাবে ফেলে রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। হরতাল শেষে ওই গাছগুলো আবার উধাও হয়ে যায় বলে এলাকাবাসী জানিয়েছে। এ নিয়ে এলাকায় বলাবলি হচ্ছে, রাজনৈতিক দলের কর্মসূচিতে এভাবে সরকারি গাছ কাটার মহোৎসব কেনো।
গত সপ্তাহে টানা ক’দিনের হরতালে ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়ের দু পাশে ছোট-বড় শতাধিক রেইনট্রি গাছ কেটে রাস্তায় ফেলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে সড়ক থেকে ওইসব গাছ অপসারণের পর তা আবার উধাও হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, হরতালের ডাক পড়লেই রাতের আঁধারে সরকারি গাছ কেটে রাস্তায় ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। একটি সূত্র জানায়, হরতালের সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ সড়কের পাশের সরকারি গাছ কেটে এক ঢিলে দুই পাখি মারার মতো ফায়দা লুটছে। তারা রাস্তায় গাছ ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যা হরতালের জন্য ফলদায়ক। আবার হরতাল শেষে এগুলো নিজেরা নিয়ে যাচ্ছে।
সরজমিনে বৃহস্পতিবার দুপুরে হরতালের সময় দেখা যায়, ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কের বর্ডার বাজার এলাকায় সরকারি গাছ কেটে রাস্তায় ফেলা হয়। এ খবর পেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একদল সদস্য ঘটনাস্থলে এসে ওই গাছ অপসারণ করে।
