
বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হাইমচর নিউচর সম্প্রসারণ আশ্রয়ন প্রকল্প উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের পক্ষে ৩ বীর এর মেজর মোঃ তাসনীম ফারহান হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই খোয়াইহলা চৌধুরীর কাছে প্রতীকী চাবি তুলে দিয়ে নবনির্মিত এই আশ্রয়ণ প্রকল্পটি হস্তান্তর করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেজর মোঃ তাসনীম ফারহান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা সেনানিবাস ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪৪ পদাতিক ব্রিগেডের ৩ বীরের তত্ত্বাবধানে হাইমচর নিউচরে আশ্রয়ন-০২ প্রকল্পটি নির্মাণ করা হয়েছে। এতে স্থানিয় ১৪০টি ভুমি ও গৃহহীন অসহায় পরিবার তাদের স্বপ্নের আশ্রয়ের ঠিকানা পাবে। তিনি বলেন,হাইমচর উপজেলার নিউচর একটি প্রত্যন্ত অঞ্চল। এই এলাকার গৃহহীনদের আশ্রয় প্রদানের লক্ষ্যে চলতি বছরের ১ এপ্রিল প্রকল্পটির নির্মাণ কাজ শুরু হয়। ৫ ইউনিট বিশিষ্ট ২৮টি সিআইসিট ব্যারাক হাউজে মোট ১৪০টি পরিবার বসবাস করতে পারবে। এই প্রকল্পের দৈর্ঘ্য ৪৭০ ফুট এবং প্রস্থ ৪০০ ফুট। আশ্রয়ন শেডের সংখ্যা ২৮টি। প্রতিটির দৈর্ঘ্য ৪৫ ফুট ও প্রস্থ ২৯ ফুট। শেডগুলোর প্রতিটি মেঝে পাকা ও সম্পূর্ণ টিনে দ্বারা আচ্ছাদিত। বসবাসকারী পরিবারের সুবিধার্থে মোট ৮৪টি টয়লেট ও বিশুদ্ধ পানির জন্য ২৮টি অগভীর নলকূপ স্থাপন করা হয়েছে। গত ২২ মে এই প্রকল্পের কাজটি সম্পন্ন হয়। তিনি বলেন,আজ বুধবার আমরা আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসনের কাছে প্রকল্পের ঘর গুলো বুঝিয়ে দিয়েছি।
