হাজীগঞ্জ:
রোববার হাজীগঞ্জে তালের শাঁস নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংষর্ঘের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগের ৬ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের ডাটরা শিবপুর এলাকায়। আহতরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম শোভন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম বাদশা, যুবলীগ নেতা মোঃ শরীফ, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ শাহজাহান ও ছাত্রলীগ নেতা মোঃ আঃ রহিম। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কুমিল্লা রেফার করা হয়েছে। এ ঘটনায় রমজান আলী ও আঃ বাতেন নামের ২ জন বিএনপি সমর্থককে আটক করেছে পুলিশ।
জানা যায়, এদিন সকালে স্থানীয় দেশগাঁও ডাটরা শিবপুর বাজারে তালের শাঁস নিয়ে এক সালিস হয়। ঐ সালিসে বিএনপির কর্মী আলী ও শিবিরের কর্মী সাদ্দাম ইউপি সদস্যকে লাঞ্ছিত করে। এরপর আলী ও সাদ্দাম দেশগাঁও এলাকার লোকজনকে বাজারে আসতে বাধা দেয়। স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঘটনার বিষয়ে জানতে গেলে বিএনপি-জামায়াতের লোকেরা একত্রিত হয়ে তার উপর আক্রমণ করে। এ থেকেই আওয়ামী লীগ-বিএপির মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
আহত গিয়াস উদ্দিন বাচ্চু জানান, এদিন স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও বর্তমান -চেয়ারম্যান বিল্লাল হোসেনের নেতৃত্বে আমাদের উপর আক্রমণ চালানো হয়।
এ ঘটনায় এলাকায় এদিন সন্ধ্যার পর থেকে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় আবারো ঘটতে পারে বড় ধরনের সংঘর্ষের ঘটনা।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেওয়ান আবুল হোসেন জানান, আমরা এ ঘটনায় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে থানায় নিয়ে এসেছি।
সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ রশিদ মজুমদার, ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ মাইনুদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গাজী বিল্লালসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা।
