প্রতিনিধি
নিপুল ইসলাম (২৬) নামে দিনাজপুরের এক যুবক হাজীগঞ্জের ভাড়া বাসায় আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার ভোরে হাজীগঞ্জ থানা পুলিশ ঝুলন্ত অবস্থায় লিপনের লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে নিহতের স্ত্রী বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। নিহত যুবক দিনাজপুর জেলার কাহালু উপজেলার জারিয়া গ্রামের মৃত মতিয়ার ইসলামের ছেলে।
নিহতের স্ত্রী দুলালী বেগমের বরাত দিয়ে লিপনের লাশ উদ্ধারকারী হাজীগঞ্জ থানার এস আই ফারুক আহমেদ চাঁদপুর কণ্ঠকে জানান, শুক্রবার বিকেলে স্বামী-স্ত্রী দু’জনে ঘুরতে চাঁদপর শহরের বিজয় মেলায় যায়। সেখানে তাদের সাথে কোনো এক কারণে মনোমালিন্য হয়। পরে তারা হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় এলাকার মনির ফিলিং পাম্পের পেছনে ভাড়া বাসায় চলে আসে। রাত ১০ টার দিকে দুজন একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ৩টার দিকে স্ত্রী দুলালী বেগম ঘরের ভিমের সঙ্গে স্বামীকে ঝুলতে দেখে ডাক চিৎকার দেন। পরে ভোরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল শনিবার সকালে লাশের ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়। মর্গ থেকে একই দিন সন্ধ্যার পরে নিহতের ভাই কামাল হোসেন লাশ নিয়ে দিনাজপুরের উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করে।
এ বিষয়ে এসআই ফারুক আহমেদ আরো বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়না তদন্তের পর স্পষ্ট হওয়া যাবে। তবে এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অপমত্যুর মামলা দায়ের করেছেন।
স্থানীয়রা জানায়, গত ৩ দিন আগে এই দম্পতি হাজীগঞ্জে ভাড়া বাসায় উঠেন। নিপুল ইসলাম কি কাজ করতো তা ঠিক কেউ বলতে পারছে না। অপমৃত্যু মামলার বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহআলম।
