
চাঁদপুরের ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক হচ্ছেন বেগম অঞ্জনা খান মজলিশ। তিনি চাঁদপুর জেলায় ২০তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন। তিনি বিদায়ী জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। গতকাল ৩ জানুয়ারি ২০২১ রোববার থেকে এ জেলার জেলা প্রশাসক হিসেবে তাঁর দাপ্তরিক কার্যকাল শুরু হয়েছে।
মেঘনা-পদ্মা-ডাকাতিয়া-ধনাগোদা বিধৌত চাঁদপুর জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়েই শুরু হলো বেগম অঞ্জনা খান মজলিশের চাকুরি জীবনে জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তার প্রথম দায়িত্ব পালন। তাঁর পূর্ববর্তী কর্মস্থল ছিলো সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তিনি এখানে উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে উপ-সচিব হিসেবে পদোন্নতি পেয়ে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে যোগদান করেন। তিনি ২২তম বিসিএস-এ প্রশাসনিক ক্যাডারে চাকুরি পেয়ে ২০০৩ সালে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন এবং দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি চাঁদপুর মহকুমা থেকে জেলায় রূপান্তরিত হয়। ১ম প্রথম জেলা প্রশাসক ছিলেন আলহাজ্ব জানিবুল হক (৫ জুলাই ১৯৮৬ সাল পর্যন্ত)। তারপর এসএম শামসুল আলম দ্বিতীয়, লস্কর আবুল কালাম তৃতীয়, মুহম্মদ আবুল কাশেম চতুর্থ, মোঃ ইয়াকুব আলী পঞ্চম, মোঃ গোলাম কিবরিয়া ৬ষ্ঠ, মোঃ খালিদ আনোয়ার ৭ম, মোঃ রেজাউল করিম ৮ম, আবু মোঃ মনিরুজ্জামান খান নবম, মোঃ আবদুর রব হাওলাদার দশম, মোঃ তাহেরুল ইসলাম একাদশ, মোঃ আবদুল খালেক দ্বাদশ, এস.এম. মনিরুল ইসলাম ত্রয়োদশ, আ.ক.ম. শাহীদুর রহমান চতুর্দশ, বিশ্বাস মুহম্মদ আজিম উদ্দিন পঞ্চদশ, প্রিয়তোষ সাহা ষষ্ঠদশ, মোঃ ইসমাইল হোসেন সপ্তদশ, মোঃ আব্দুস সবুর মন্ডল অষ্টাদশ ও মোঃ মাজেদুর রহমান খান ১৯তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
