গতকাল ৫ ফেব্রুয়ারি বুধবার পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মতলব দক্ষিণ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমীনের নেতৃত্বে রাস্তার পাশে উন্মুক্ত অবস্থায় বালু রেখে পরিবেশ দূষণ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুসারে রাস্তার পাশে উন্মুক্ত অবস্থায় বালু রেখে পরিবেশ দূষণসহ মানবস্বাস্থ্যের ক্ষতিসাধনের দায়ে নারায়ণপুর এলাকার মেসার্স সুবর্ণ ট্রেডার্স নামক প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া নারায়ণপুর বাজারে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স বিজয় স্টোরকে ৩ হাজার টাকা, মেসার্স বিজয় সুতার দোকানকে ৩ হাজার টাকা, মেসার্স জগন্নাথ স্টোরকে ৩ হাজার টাকা, মেসার্স দীপক স্টোরকে ২ হাজার টাকাসহ মোট ১১ এগার হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়। এ সময় ৪টি দোকান থেকে ৮৯ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। মোবাইল কোর্টে সর্বমোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এএইচএম রাসেদ। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার। মোবাইল কোর্ট পরিচালনাকালে রাস্তার পাশে উন্মুক্ত অবস্থায় বালু রেখে পরিবেশ দূষণ ও মানবস্বাস্থ্যের ক্ষতি না করার জন্য এবং বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বাজারজাত না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। তিনি জানান, উন্মুক্ত অবস্থায় বালু রেখে পরিবেশ দূষণ বন্ধ করার জন্য এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। অভিযানে মতলব দক্ষিণ থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে।
