-
আজ চাঁদপুরে ইলিশ মেলা
-
সচিব, বিভাগীয় কমিশনার ও ৭ জেলা প্রশাসক অংশ নিবে
স্টাফ রিপোর্টারআজ ২৩ নভেম্বর বুধবার দুপুরে জেলা ব্র্যান্ডিং চাঁদপুরকে তুলে ধরতে চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলের ঐকান্তিক প্রচেষ্টায় চাঁদপুর ক্লাবে ইলিশ মেলার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ ইলিশ মেলায় অংশ নেবেন মন্ত্রী পরিষদ বিভাগ (সমন্বয় ও সংস্কার) সচিব এন এম জিয়াউল আলম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ রুহুল আমীন, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মফিজুল ইসলাম, এটুআই ক্যাপাসিটি ডেভলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদ। এছাড়াও চাঁদপুর, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকগণ এ ইলিশ মেলায় অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে।
বাংলাদেশে এ প্রথম এ ধরনের ইলিশ মেলার আয়োজন। আর এটি হচ্ছে চাঁদপুরে। চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদ হোসেন জানান, ব্র্যান্ডিং জেলা চাঁদপুরকে তুলে ধরতে এ ইলিশ মেলায় আয়োজন করা হয়েছে। চাঁদপুর জেলার আট উপজেলা নির্বাহী অফিসার এ ইলিশ মেলায় প্রতিযোগিতায় অংশ নেবেন। ইলিশ মেলায় প্রায় ৩০ প্রকার ইলিশ মাছ রান্না করা হবে। প্রতিযোগিতায় ১ম পুরস্কার হিসেবে ১ লাখ টাকা দেয়া হবে। ইলিশ মেলায় প্রবেশ ফি ৫০০ টাকা করা হয়েছে। শুধুমাত্র আমন্ত্রিতদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
