চাঁদপুর শহরের ঘোড়ামারা আশ্রয়ন কেন্দ্র এলাকায় মেঘনা এঙ্প্রেস টেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৭০) বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় চাঁদপুর স্টেশন থেকে লাকসামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনটি ঘটনাস্থলে আসলে এ দুর্ঘটনা ঘটে। চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানা সূত্রে জানা গেছে, ঘটনার পর ওই বৃদ্ধের মরদেহ ঘটনাস্থলে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে কাছাকাছি রেলগেটে কর্মরত গেটকিপার মোঃ হুমায়ুন পুলিশকে জানান। সকাল সাড়ে ৯টায় পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, বৃদ্ধ স্থানীয় তাবলিগ জামাতের মারকাজ থেকে ফজর নামাজ পড়ে তার বাড়ি যাওয়ার সময় রেলরাস্তা পারাপারের সময় ট্রেনের নিচে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন।
চাঁদপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ রাশেদুজ্জামান জানান, স্থানীয় লোকজন ওই বৃদ্ধের পরিচয় জানেন না। কারণ ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের দেহ খ- বিখ- হয়ে গেছে। চেহারা বুঝা না যাওয়ার কারণে সনাক্ত করাও সম্ভব হচ্ছে না। ওই বৃদ্ধের পরনে সাদা চেক লুঙ্গি, সাদা পাঞ্জাবি, প্লাস্টিকের জুতা ও একটি তসবিহ পাওয়া গেছে। চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সারোয়ার আলম জানান, মরদেহটি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ রাশেদুজ্জামান উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে। আইনী ব্যবস্থা শেষে পরিচয় না পাওয়া গেলে আঞ্জুমানে খাদেমুল ইনসানের মাধ্যমে মরদেহ দাফন করা হবে।
