রফিকুল ইসলাম বাবু ॥ চাঁদপুরে চর এলাকায় পাগলা কুকুরের কামড়ে বৃদ্ধ ও শিশুসহ ২০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে চাঁদপুর চর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানাযায়, শুক্রবার সকালে চাঁদপুরের ইশানবালা ও কাচিকাটা নদীসিকস্তি চরাঞ্চলে একটি পাগলা কুকুর আহতদের কামড়িয়ে এলাকায় আতংক ছড়িয়ে দেয়। কুকুরের কামড়ে আহতরা হলেন, কামাল হোসেন (৪৪), বিউটি আক্তার (১১), আকলিমা বেগম (৩৫), লামিয়া (১০), নুরুল হক (৭০), জয়নাল আবেদীন (৬২), জান্নাত আক্তার (২), শুকুর আলী (৫০), আছমা বেগম (২৪)সহ আরো বেশ কয়েকজন। আহতদের স্থানীয়রা তাৎক্ষনিক ট্রলার যোগে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে। আহত কয়েকজনের স্বজনরা জানায়, পাগলা কুকুরটি হটাৎ আক্রমনাত্মক হয়ে উঠে। কিছু বুঝে উঠার আগেই সে কামড় শুরু করে। পরবর্তিতে লোকজন পাকড়াও করে কুকুরটিকে মেরে ফেলতে সক্ষম হয়েছে বলে তারা জানায়। তারা ক্ষোভের সাথে আরো জানায় হাসপাতালে কুকুরে কামড়ের ভ্যাকসিন না থাকায় বাহির থেকে ক্রয় করতে হয়েছে। এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুজাত উল্লাহ রুবেল বলেন, কুকুড়ে কামড়ে ভয় না পেয়ে রোগীকে তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে আসতে হবে। তাকে ভ্যাকসিনের মাধ্যমে চিকিৎসা নিতে হবে।
