এম এ আকিব ॥
: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সরকারের মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে চাঁদপুর আদালতে মামলা করা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশরুল সালেকীন মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেন। বৃহস্পতিবার চাঁদপুর জেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম-সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ বাদি হয়ে এ মামলা দায়ের করেন। বাদির আইনজীবী অ্যাড. সেলিম আকবর জানান, দণ্ডবিধি ২৯৫(ক) ধারায় আসামির বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলায় ঘটনাস্থল বাংলাদেশের বিভিন্ন জাতীয় টেলিভিশন, দৈনিক পত্রিকা যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলোসহ বেশ কয়েকটি দৈনিক পত্রিকা উল্লেখ করা হয়। মামলার বিবাদী আব্দুল লতিফ সিদ্দিকী, সাং টাঙ্গাইল। সাক্ষীরা হলেন, হুমায়ন কবির, নবাব খাঁ, আতিকুর রহমান, হেলাল হোসেন ও সম্পাদক দৈনিক বাংলাদেশ প্রতিদিন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আসামি মতবিনিময় সভায় কোটি কোটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ও পবিত্র হজ সম্পর্কে কটূক্তি করেন । যা বাদির মনে মারাত্মকভাবে ধর্মীয় আঘাত হানে। ন্যায় বিচারের স্বার্থে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিসহ আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আর্জি জানানো হয়। বিচারক মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করে আগামী ১৬ নভেম্বর’১৪ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

