মিজানুর রহমান রানা
চাঁদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জেলা ছাত্রদল নেতা বিল্লাল বেপারী নিহত হয়েছে। তার অপরসঙ্গী মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ৯ এপ্রিল বুধবার দুপুর পৌণে ১টায় চাঁদপুর শহরের অদূরে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের হোসেনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, চাঁদপুর শহর থেকে একটি পালসার মোটর সাইকেল নিয়ে জেলা ছাত্রদল নেতা উত্তর গুণরাজদী বেপারী বাড়ির মন্টু বেপারীর ছেলে বিল্লাল হোসেন বেপারী (২৬) ও একই এলাকার জালাল বেপারীর ছেলে অপেল বেপারী (১৮) মোটর সাইকেলযোগে মতলবের উদ্দেশ্যে যাবার সময় অসাবধানতা বশতঃ বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বিল্লাল হোসেন ও অপেল বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের হোসেনপুর নামক স্থানে একটি মেহগনি গাছের সাথে
ধাক্কা খেয়ে গাড়িটি দুমড়েমুচড়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বিল্লাল হোসেন বেপারী মারা যায়। অপর আহত অপেল বেপারীকে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থার অবনতি ঘটলে কর্মরত চিকিৎসক দ্রুত তাকে ঢাকায় প্রেরণ করে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক শামীম আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই দলীয় নেতা-কর্মীরা বিল্লাল হোসেনের মরদেহ চাঁদপুর সরকারি
জেনারেল হাসপাতালে নিয়ে আসে। মৃত্যু নিশ্চিত হলে অ্যাম্বুলেন্সযোগে উত্তর গুণরাজদী তার নিজ বাড়িতে নিয়ে আসে। সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা বিল্লালের মৃত্যুর খরব শুনে তাকে শেষবারের মতো দেখার জন্য তার বাড়িতে ছুটে যান চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচিত চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, জেলা যুবদল সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা ছাত্রদল সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক কাজী মো. ইব্রাহিম জুয়েল, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ দলীয় নেতা-কর্মীরা। ওইদিনই বাদ মাগরিব নিহত বিল্লালের জানাজা অনুষ্ঠিত হয়।
শিরোনাম:
শনিবার , ১৫ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
