
মিজান লিটন ॥
চাঁদপুরে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে সরকার ২৫ কোটি টাকা ব্যয়ে মৎস্য অবতরণ কেন্দ্র তৈরি করতে যাচ্ছে। পদ্মা-মেঘনা ও ডাকাতিয়ার মিলনস্থলে চাঁদপুর মাছঘাটে এই কেন্দ্রটি হতে যাচ্ছে। চারতলা বিশিষ্ট অত্যাধুনিক এই অবতরণ কেন্দ্রটিতে একটি আধুনিক মৎস্য হিমাগার, কোল্ডস্টোরেজ, বরফকল এবং মাছ আনা-নেয়ার ক্ষেত্রে দুটি লরিও থাকবে। মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) দিলদার আহমদ প্রস্থাবিত স্থানটি ঘুরে গেছেন। এ সময় তিনি চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুর রহমান, মৎস্য বণিক সমিতি ও মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে কথা বলেন। এ সময় চেয়ারম্যানের সাথে ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের পরিচালক (ক্রয় ও বিপনন) মোঃ আব্দুল মতিন, ব্যবস্থাপক (পরিকল্পনা) মোঃ তোজাম্মেল হোসেনসহ কর্মকর্তারা।
চেয়ারম্যান দিলদার আহমদ সাংবাদিকদের জানান, রেলওয়ের প্রায় ৪০ শতাংশ জমিতে যেখানে এখন মাছঘাট রয়েছে সেখানেই এই বহুতল ভবনের অবতরণ কেন্দ্রটি নির্মিত হবে। তিনি আরও জানান, চাঁদপুরের জেলা প্রশাসকের প্রস্থাবনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কেন্দ্রটি করার উদ্যোগ গ্রহণ করেছেন। আগামী দুই বছরের মধ্যেই আমরা এটির নির্মাণ কাজ সম্পন্ন করতে পারবো। এই অবতরণ কেন্দ্রটি হলে চাঁদপুরের ইলিশসহ সকল ধরনের মাছ সংরক্ষণে একটি আধুনিক সুবিধার সৃষ্টি হবে।
চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল বলেন, আধুনিক এই অবতরণ কেন্দ্রটি নির্মিত হলে ইলিশের বাড়ি চাঁদপুর-এর ব্র্যান্ডিং কাজও এগিয়ে যাবে অনেক দূর। তিনি বলেন, বর্তমান সরকার তথা প্রধানমন্ত্রী এখানের রাজনৈতিক, সামাজিক এবং মৎস্য ব্যবসায়ীদের অন্তরিকতায় এটি আমরা পেতে যাচ্ছি। এটি নির্মিত হলে পদ্মা-মেঘনার ইলিশ আরো বেশি সংরক্ষণ হবে। মাছ বিনষ্ট হবে না।
চাঁদপুরের জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুর রহমান জানান, প্রতি বছরই ইলিশের ভরা মৌসুমে বিপুল পরিমাণ মাছ এখানে বিনষ্ট হয় রক্ষণাবেক্ষণের অভাবে। হাতের কাছেই এতো বড় বাজারে যেখানে কয়েকটি জেলার ইলিশ মাছসহ বিভিন্ন জাতের মাছ আসছে সেগুলো সংরক্ষণ করতে বেকায়দায় পড়ে ব্যবসায়ীরা। তাছাড়া জায়গাটিও সব সময় সেঁতস্যাঁতে থাকে। এতে করে মৎস্য ব্যবসায়ী ও ক্রেতাদের বিড়ম্বনায় থাকতে হয়।
মৎস্য বণিক সমিতি ও মৎস্যজীবী নেতৃবৃন্দ এ কেন্দ্রটি নির্মাণ হতে যাচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রাসক (আইসিটি) মোঃ মঈনুল হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান দিলদার আহমদ বৃহস্পতিবার বেলা ১২টায় চাঁদপুর বড়স্টেশন মাছঘাট পরিদর্শন করেন। এরপর চাঁদপুর মৎস্য বণিক সমিতির কার্যালয়ে মৎস্য বণিক সমিতি, মৎস্য ব্যবসায়ী, মৎস্যজীবী ও বরফ ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে সরকারি ব্যয়ে মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের বিষয়ে মতবিনিময় করেন।
