
চাঁদপুর জেলা ও দায়রা জজের চুরি যাওয়া মুঠোফোন উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় জড়িত একজনকেও আটক করা হয়েছে। রবিবার চাঁদপুর লঞ্চ টামির্নাল এলাকা থেকে মোহাম্মদ আলী তপাদার (২১) নামে এই যুবকককে মুঠোফোনসহ আটক করা হয়।
জানা গেছে, গত বছরের ২৩ সেপ্টেম্বর প্রায় ১০ মাস আগে শহরের স্টেডিয়াম সড়কের সামনে জেলা ও দায়রা জজ শাহেদুল করিমের সরকারি গাড়ি থেকে ওপ্পো এফথ্রি মডেলের মুঠোফোন চুরি হয়। এই ঘটনার পর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। যার জের ধরে পুলিশ দীর্ঘদিন চেষ্টা করে। চুরি যাওয়া মুঠোফোন উদ্ধারে পরে আরো তৎপর হওয়ার জন্য জেলা গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়।
এর প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোহাম্মদ আলী তপাদার নামে এই যুবককে মুঠোফোনসহ নাতেনাতে ধরতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ। আটক যুবকের বাড়ি চাঁদপুর শহরের পুরানবাজারের মেরকাটিজ সড়কে। সে ওই এলাকার খলিল তপাদারের ছেলে।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া জানান, আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
