
স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলাবাসীর বিশ্বাসের জায়গা হবে জেলা পরিষদ, চাঁদপুরের সর্বস্তরের মানুষের জন্য এ জেলা পরিষদ উন্মুক্ত থাকবে। আমি দল মত নির্বিশেষে চাঁদপুর জেলা পরিষদকে চাঁদপুরের উন্নয়নের জন্য একটি নির্ভরযোগ্য জায়গা হিসেবে গড়ে তুলব। এ কথাগুলো বলেন চাঁদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী। তিনি গতকাল সকাল ১১টায় চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের বাবুরহাটস্থ চাঁদপুর জেলা পরিষদে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণের সাথে আনুষ্ঠানিক পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে এ কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, আমি বর্তমান পরিষদ পেয়েছি আমার স্বপ্নের মত করে। জেলা পরিষদের নবনির্বাচিত যে ২০জন সদস্য রয়েছেন তারা সবাই খুবই অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, এদের মধ্যে অনেকেই দীর্ঘ দিনের সাবেক চেয়ারম্যান ও জনপ্রতিনিধি ছিলেন। আমি এমন একটি পরিষদই চেয়েছিলাম। তিনি বলেন, এ জেলা পরিষদে আমাদেরকে এমনভাবে কাজ করতে হবে যাতে পূর্বসূরিরা বলতে না পারেন আমরা এর মর্যাদা রাখতে পারেনি। বরং আমাদেরকে এমনভাবে কাজ করতে হবে যাতে বর্তমান জেলা পরিষদের অবস্থানকে আরও উচ্চতায় নিয়ে যাওয়া যায়। তিনি বলেন, আমার নির্বাচনের আগে আমি প্রতিটি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় গিয়ে বলেছিলাম, আপনারা আমাকে নির্বাচিত করেন, আমি অবশ্যই আপনাদের আমানত রক্ষা করব।
তিনি আরও বলেন, দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভিশন-২০২১ ঘোষণা দিয়েছেন তার পক্ষে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি বলেছেন, ২০২১ সালে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার অর্ধশত বছর পূর্ণ হবে, ২০২১ সালেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তাঁর নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব।
তিনি জেলা পরিষদের সকল সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, চাঁদপুর জেলা পরিষদে অনেক সম্পদ রয়েছে। এ সম্পদগুলোকে কাজে লাগিয়ে আমরা চাঁদপুরের উন্নয়নে কাজ করব। তিনি সকল পৌর মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ সকল জনপ্রতিনিধির সহযোগিতা ও পরামর্শ কামনা করেন, যাতে চাঁদপুর জেলাকে দেশের শ্রেষ্ঠ জেলা হিসেবে প্রতিষ্ঠিত করা যায়।
তিনি বলেন, আমার রাজনৈতিক গুরু, আমার রাজনৈতিক শিক্ষক বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহানগর সাধারণ সম্পাদক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের কাছে আমি শিখেছি কীভাবে রাজপথে থাকতে হয়, কীভাবে রাজনীতি করতে হয়, কীভাবে নির্বাচন করতে হয়। আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের কাছে।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান মিয়ার সভাপ্রধানে ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম শাহীনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নছির উদ্দিন আহম্মেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, জেলা পরিষদ একটি সম্মানের জায়গা। আশা করি, নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণ সম্মানের জায়গায় সম্মান নিয়ে থাকবেন ও এর উন্নয়নে কাজ করবেন। আমরা এমন লক্ষ্যে কাজ করব যাতে বাংলাদেশ একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারে। চাঁদপুর হবে বাংলাদেশ আওয়ামী লীগের একটি দুর্গ, যেটিকে সন্ত্রাস, জঙ্গি, মাদকমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা যাবে। চাঁদপুর জেলা এখন শান্তি শৃঙ্খলার দিক থেকে ১ নম্বর অবস্থানে রয়েছে। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের বিদায়ী প্রশাসক সেক্টর কমান্ডার লেফটেনেন্ট কর্নেল (অবঃ) আবু ওসমান চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি শহীদুল্লাহ মাস্টার, নবনির্বাচিত জেলা পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম, ১২নং ওয়ার্ড সদস্য হুমায়ুন কবির মজুমদার, উপজেলা পরিষদ চেয়াম্যানগণের পক্ষে শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজী, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রশিদ মজুমদার, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা যুব মহিলা লীগের সভাপতি কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, জেলার সকল চেয়ারম্যানের পক্ষে বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও সদস্যগণ, পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী ও সমর্থকগণ।মতবিনিময় অনুষ্ঠান শেষে জেলা পরিষদের চেয়ারম্যান দায়িত্বগ্রহণ করেন এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
