ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র প্রভাব পড়েছে নদীর জেলা চাঁদপুরে। শুক্রবার দুপুর ১২টার পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ব্যাহত হয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। নদীর অবস্থাও থমথমে। এ পরিস্থিতিতে সর্তক রয়েছে স্থানীয় প্রশাসন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি শুক্রবার সন্ধ্যায় পায়রা সমুদ্রবন্দর এলাকা থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এ কারণে পায়রা ও মোংলা বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
চাঁদপুর নদীবন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক চাঁদপুর কণ্ঠকে জানান, চাঁদপুর নদী বন্দরকে ২ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। রাত দশটা থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। রাত সাড়ে নয়টায় এমভি মিতালী লঞ্চ ছেড়ে যাবার পর রাতে আর কোনো লঞ্চ না ছাড়ার জন্যে নির্দেশ দেয়া হয়েছে।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর আশঙ্কায় ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে।
