
শওকত আলী :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, ২০১৯ সালের জাতীয় নির্বাচনেও বিএনপির পরাজয় নিশ্চিত। ওই নির্বাচনে আওয়ামী লীগের হ্যাটট্রিক বিজয় ও বিএনপির হ্যাটট্রিক পরাজয় হবে। বাংলাদেশের জনগণই আওয়ামীলীগের হ্যাটট্রিক বিজয় চায়। শুক্রবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪টি গ্রামে ১হাজার ৪৭১জন গ্রাহকের ৩ কোটি ৩০ লক্ষ ৫৪ হাজার টাকা ব্যয়ে ২২.০৪ কি.মি বিদ্যুতায়নের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ২০১৯ সালেও ২০০১ সালের পুনরাবৃত্তি হবে মনে করলে বিএনপি বোকার স্বর্গে বাস করছে। সেদিন আর কখনোই ফিরে আসবে না। শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন হবে। সেখানে আওয়ামী লীগই বিজয়ী হবে। কারণ শেখ হাসিনার নেতৃত্বে দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদের সরকার উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
ত্রাণ মন্ত্রী মায়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে উন্নয়ন করে। রাস্তা-ঘাট, স্কুল-মাদরাসার উন্নয়নের পাশাপাশি দেশের মানুষের ভাগ্যেরও উন্নয়ন হয়। দেশের মানুষ জানে-আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী, ধোঁকাবাজিতে বিশ্বাসী নয়। এ কারনে উন্নয়নকে অগ্রাাধিকার দিয়ে কাজ করছে সরকার। প্রত্যন্ত এলাকাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো ও আর্থসামাজিক অবস্থার উন্নয়নে কাজ করা হচ্ছে।
মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেই উন্নয়ন হয়। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। সন্ত্রাস খুন হত্যা চাঁদাবাজিকে কখনই আওয়ামীলীগ প্রশ্রয় দেয় না। উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। ।
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর মায়া বীরবিক্রম অডিটোরিয়ামে ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর পল্লীবিদুৎ সমিতি-২এর জেনারেল ম্যানেজার আবু তাহের, কেন্দ্রীয় আ’লীগ নেতা একেএম রিয়াজ উদ্দিন মানিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন- কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান প্রধান।
