চাঁদপুর নিউজ রিপোর্ট
গতকাল ২ এপ্রিল রোববার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত চাঁদপুর জেলা ব্র্যান্ডিং কমিটির সভায় জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল জানিয়েছেন কিছু সুখবর। তার মধ্যে উল্লেখযোগ্য ছিলো প্রধান মন্ত্রী কর্তৃক ‘ইলিশের বাড়ি চাঁদপুর’-এর অনুমোদন পাওয়া। তিনি বলেন, চাঁদপুর জেলা-ব্র্যান্ডিংয়ের জন্যে মন্ত্রণালয় থেকে ‘চাঁদপুর সিটি অব হিলশা’র যে অনুমোদন আমরা পাই, তার বঙ্গানুবাদ ‘ইলিশের শহর চাঁদপুর’ না করে আমরা
দেশখ্যাত চিত্রশিল্পী হাশেম খানের পরামর্শে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ করে লোগোতে ব্যবহার শুরু করি। এ নিয়ে ভবিষ্যতে যাতে কোনো দ্বিধা-দ্বন্দ্ব সৃষ্টি না
হয় সেজন্যে মাননীয় মুখ্য সচিব পালন করেন মুখ্য ভূমিকা। তিনি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরে আনলে তিনি ‘ইলিশের বাড়ি চাঁদপুর’কেই অনুমোদন দেন।
গতকালকের সভায় ‘মোলহেড’কে পর্যটন কেন্দ্র করার বিষয়েও ব্যাপক অগ্রগতির খবর জানান জেলা প্রশাসক। জায়গাটি যেহেতু রেলওয়ের, সেহেতু পর্যটন মন্ত্রণালয় ও রেল মন্ত্রণালয়সহ প্রয়োজনে অন্যান্য মন্ত্রণালয়কে নিয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক হবে এবং তারপর পর্যটন কেন্দ্র করার কাজ জোরেশোরে শুরু হবে। এই পর্যটন কেন্দ্রের প্রয়োজনে রেলওয়ের জায়গা থেকে অবৈধ দখলদার উচ্ছেদের ব্যাপারেও রেল সচিব অনুমোদন দিয়েছেন বলে জেলা প্রশাসক জানান। এছাড়া ব্র্যান্ডিংয়ের প্রয়োজনে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
