চাঁদপুর নিউজ রিপোর্ট
চাঁদপুর পৌরসভার বর্তমান পরিষদ ইতিহাসের অংশ হয়ে থাকার মতো ইতিমধ্যে বেশ কিছু কাজ করেছে। পৌরসভার সীমানা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করে নাগরিক সেবার মান বাড়িয়ে দেশ সেরা পৌরসভা হওয়ার গৌরব অর্জন করেছে চাঁদপুর পৌরসভা। এ পৌর পরিষদ ইতিহাস হওয়ার মতো আরো একটি জনহিতকর কাজ করেছে। তা হচ্ছে চাঁদপুর পৌর বাস স্ট্যান্ড এলাকাস্থ পৌর কবরস্থান সম্প্রসারণ করা। চাঁদপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো এ পৌর কবরস্থানকে সম্প্রসারণ করার। অবশেষে বর্তমান মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদের যথাযথ পদক্ষেপ ও উদ্যোগে এ পৌর কবরস্থান প্রায় এক একর জায়গা নিয়ে সম্প্রসারিত হচ্ছে।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁদপুর পৌরসভার পরিচালনাধীন এই শহরে তিনটি কবরস্থান রয়েছে। পুরাণবাজার এলাকায় দুটি ও নতুনবাজার এলাকায় একটি। পুরাণবাজার এলাকার দুটি হচ্ছে জুটমিল এলাকায় (গফুর মিজি বাড়ির সামনে) ও মধ্য শ্রীরামদী এলাকায়। আর নতুনবাজার এলাকারটি হচ্ছে চাঁদপুর বাস স্ট্যান্ড এলাকায়। জানা গেছে, পুরাণবাজারের কবরস্থান দুটিতে কবরের জন্য জায়গা বিক্রির নিয়ম নেই। সে জন্যে সেখানে স্থান সঙ্কুলানের তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু চাঁদপুর পৌর বাস স্ট্যান্ড এলাকার কবরস্থানে অনেকেই কবরের জায়গা নির্ধারিতভাবে কিনে নেয়ায় সেখানে আস্তে আস্তে কবরের জায়গার সঙ্কট দেখা দেয়। অনেকে কবরের জায়গা কিনে পাকা করে নির্দিষ্ট করে রেখেছে। তাই এ কবরস্থানে জায়গা সঙ্কট প্রকট আকার ধারণ করে। শহরবাসী তাদের স্বজনদের এই কবরস্থানে কবর দিতে সমস্যায় পড়তে হয়। সে জন্য জনগণের দীর্ঘদিনের দাবি ছিলো এই কবরস্থানকে সম্প্রসারণ করার। তাছাড়া কবরস্থানের সাথেই যে পুকুরটি ছিলো সেটিতে কিছু কবর ভেঙ্গে পড়ে যাচ্ছিল। এসব কবরকে সংরক্ষণের দাবিও ছিলো জনগণের। এসব দাবির প্রেক্ষিতে এবং নিজের দায়িত্ববোধ থেকে ও বিবেকের তাড়নায় পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ এই কবরস্থানকে সম্প্রসারণের উদ্যোগ নেন। ফলে কবরস্থান লাগোয়া পুকুরটি ভরাট করা হয়। এই পুকুরটিও প্রায় এক একর জায়গা নিয়ে হবে বলে পৌরসভার প্রকৌশল বিভাগ থেকে জানা গেছে।
বর্তমান কবরস্থানটি প্রায় তিন একর জায়গার উপর আর এখন যোগ হবে আরো এক একর। এই সম্প্রসারিত কবরস্থানের দু পাশে বাউন্ডারী দেয়াল করা হবে। এ ছাড়া এর ভেতরে রাস্তাসহ সৌন্দর্য বর্ধনে ফুলের বাগান করা হবে। এসব কাজ সহসাই ধরা হবে বলে প্রকৌশল বিভাগ জানায়। এ বিভাগ থেকে আরো জানা গেলো, এই কবরস্থানে মানুষ তাদের স্বজনদের কবর দিতে অনেকেই কবরের জায়গা কিনে ফেলেন। এভাবে যদি সকলেই কবরের জায়গা কিনে পাকা করে নির্দিষ্ট করে ফেলেন তাহলে এক সময় এ কবরস্থানে কবর দেয়ার মতো কোনো জায়গাই থাকবে না। এ চিন্তা থেকে এবং মানুষকে কবরের জায়গা কিনতে কিছুটা নিরুৎসাহিত করতে পৌর কর্তৃপক্ষ একটি কবরের জায়গার দাম ৬০ হাজার থেকে বাড়িয়ে এখন এক লাখ টাকা করেছে। তবে পুরাণবাজারের দুটি কবরস্থানে জায়গা কেনার নিয়ম না থাকায় সেখানে এ সমস্যায় পড়তে হচ্ছে না। সেখানে পুরানো কবরের উপর কবর দেয়া হচ্ছে। এ ছাড়া পৌরসভার পরিচালনাধীন তিনটি কবরস্থানের ভেতরের রাস্তা পাকাকরণসহ বেশ কিছু উন্নয়ন কাজ করেছে পৌর কর্তৃপক্ষ। বিশেষ করে বাস স্ট্যান্ডস্থ পৌর কবরস্থানকে সম্প্রসারণের উদ্যোগ নেয়ায় চাঁদপুরবাসী পৌর মেয়রসহ বর্তমান পৌর পরিষদকে ধন্যবাদ জানিয়েছে।
