
স্টাফ রিপোর্টার
জমি সংক্রান্ত শত্রুতার জের ধরে ফিল্মী কায়দায় অপহরণ, পরে মারধর করে ফেলে দিয়ে যায় সন্ত্রাসীরা। জানা যায়, গত ৫ জুলাই শনিবার চাঁদপুর সদরের উত্তর পাইককাস্তা পিংরা ঢালী বাড়ির রকমান ঢালীর ছেলে সাহাবুদ্দিন ঢালী রাজমিস্ত্রী কাজ শেষে বাড়ি ফিরছিলো। রাত ৮টায় শাহাতলী রাস্তার মাথায় গাড়ির জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় ৩টি মোটর সাইকেলে করে আসা ৬ জন তাকে জোর করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসী কায়দায় মোটর সাইকেলে তুলে নিয়ে যায়।
পরে তার মাথায়, পিঠে ও বুকে প্রচণ্ড আঘাত করে অচেতন অবস্থায় চাঁদপুর মঠখোলা এতিমখানা গেটের সামনে ফেলে রেখে যায় এবং তার সাথে থাকা নগদ ২ হাজার টাকা ও তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যায় সন্ত্রাসীরা। তাকে আহত অবস্থায় মানুষজন চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করায়। সংবাদ পেয়ে তার আত্মীয়-স্বজনরা ছুটে আসেন। তাদের কাছ থেকে জানা যায়, প্রায় ৬ মাস ধরে একই বাড়ির মানিক ঢালীর পরিবারের সাথে সম্পত্তিগত বিরোধ চলে আসছিলো। দেড় মাস পূর্বে এর প্রতিকার চেয়ে আহত সাহাবুদ্দিন ঢালীর পরিবার চাঁদপুর বিএস ট্রাইব্যুনালে সংশোধনী মামলা করেন। এরপর থেকে মানিক ঢালী, নাসির ঢালী, এহসান ঢালী বিভিন্ন সময় আহতের পরিবারের প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি দেখিয়ে আসছিলো। তারই ধারাবাহিকতায় এ হামলা হতে পারে বলে আহতের পরিবার জানায়। পরিবারটি বর্তমানে অজানা আতঙ্কে ভুগছে।
