চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় অটোবাইক উল্টে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে রাফি নামে ছয় বছরের এক শিশু নিহত হয়। গত ২৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় বাবুরহাট কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফি পালবাজারের ব্যবসায়ী সালেহ আহম্মদ খন্দকারের ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সালেহ আহম্মদের তিন ছেলেকে নিয়ে তার স্ত্রী মৈশাদীতে বাবার বাড়ি যান। নানার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান শেষে মায়ের সাথে রিফাত, লামিন ও রাফি একটি অটোবাইকে করে নিজেদের বাড়িতে শহরের দিকে আসতেছিলো। পথিমধ্যে বাবুরহাট কলেজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গাড়িটি পুকুরে পড়ে যায়। আশপাশের লোকজন ছুটে এসে যাত্রীদের উদ্ধার করলেও শিশু রাফিকে তখন পাওয়া যায়নি। আধাঘণ্টা খোঁজাখুঁজির পর রাফিকে পানি থেকে উদ্ধার করা হয়। শিশুটিকে রাত ৭টা ৪০ মিনিটের সময় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
