রফিকুল ইসলাম বাবু।
দেশে বিএনপি-জামায়াতকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। তিনি বলেন, কানাডার ফেডারেল কোর্ট বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে। বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে অতিতে ছিল, বর্তমানে আছে ও আগামীতেও থাকবে। ২০০৮ সালে বিএনপি-জামায়াত মিলে দেশের মানুষকে পুড়িয়ে মেরেছে। কোরআন শরীফ পুড়িয়েছে। বিএনপি-জামায়েত ইসলামের শত্রু, দেশের শত্রু। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।তিনি শুক্রবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলা পৌর অডিটোরিয়ামে বিভিন্ন গ্রামে বিদ্যুৎতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ছেঙ্গারচর পৌর মেয়র মো. রফিকুল আলম জজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. আবু তাহের, কেন্দ্রীয় যুবলীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু ও মতলব উত্তর থানা বিদ্যুৎ অফিসের ডিজিএম আবুল কালাম ও মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলার ১০টি গ্রামের ২ হাজার গ্রাহকের মাঝে ২৬ কিলোমিটার বিদ্যুৎ লাইনের উদ্বোধন করা হয়।
