কলেজ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করায় তিন ছাত্রীকে নানাভাবে হুমকি ও সহকর্মী শিক্ষকসহ অন্য শিক্ষকদের এবার গালাগাল করেছেন চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক মুসলিম সরদার মিশু। তার সকল অপকর্ম একে একে ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় তিনি অনেকটা বেপরোয়া হয়ে উঠেছেন। ছাত্রীদেরকে নানাভাবে হুমকি দিচ্ছেন, যাতে ছাত্রীরা গঠিত তদন্ত কমিটির সামনে না যায় এবং মুখ না খুলে। একটি ছাত্র সংগঠনের নিম্ন পর্যায়ের কতিপয় নেতা–কর্মীকে তিনি ব্যবহার করে অপতৎপরতা চালাচ্ছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। অভিযোগকারী ছাত্রীরা তাদের জীবনের নিরাপত্তাসহ মান সম্মানের ভয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। তারা এ ব্যাপারে পুলিশ সুপার শামসুন্নাহারের সাথে দেখা করেন এবং ওই শিক্ষক তাদের সাথে যা যা বলেছেন এবং যে সব আচরণ করেছেন তা তুলে ধরেন বলে এক ছাত্রী এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
এদিকে মুসলিম সরদার মিশু গতকাল কলেজে এসে বিভিন্ন শিক্ষকের নাম ধরে গালাগাল করেন। শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আলমগীর হোসেন বাহার জানান, তিনি শুনেছেন শিক্ষক মিশু কলেজ ক্যাম্পাসে এসে তাঁর নাম ধরে গালাগাল করেছেন। চাঁদপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান অসিত বরণ দাশের কাছে জানতে চাইলে তিনি বলেন, আসলে শিক্ষক মিশু কারো সাথেই ভালো আচরণ করেন না।
এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ ড. এ এস এম দেলওয়ার হোসেন বলেন, আমি কুমিল্লায় ট্রেনিং প্রোগ্রামে ছিলাম। তাছাড়া এ রকম কোনো কিছু কেউ আমাকে অবহিত করেনি। তিনি আরো জানান, আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি ছাত্রীদের অভিযোগের বিষয়ে তদন্ত রিপোর্ট পেশ করবে। গত ১৮ ফেব্রুয়ারি থেকে তদন্ত কমিটি কাজ করছে।
কলেজ অধ্যক্ষের দায়সারা বক্তব্যে এবং প্রশাসনিক শৈথিল্যে কলেজের সিনিয়র শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। যে কোনো মুহূর্তে এই ক্ষোভের বিকট বিস্ফোরণ ঘটতে পারে।
উল্লেখ্য, চাঁদপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুসলিম সরদার মিশু ছাত্রীদের শ্লীলতাহানীর চেষ্টা, ফোনে কুরুচিপূর্ণ প্রস্তাব, ছাত্রীদের সাথে অন্যের ছবি সংযুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে বস্ন্যাকমেলিং করা, প্রতারণার মাধ্যমে নিজ বাসায় ডেকে নিয়ে কফি খাওয়ানোর নাম করে বিয়ার খাইয়ে মাতাল করেছেন বলে তিন ছাত্রী কলেজ অধ্যক্ষ বরাবর অভিযোগ করেছেন।
