স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা শহরে এই প্রথমবারের মতো জেলার শতাধীক শিল্পীদের নিয়ে দৈনিক মতলবের আলো-ফেমাস ডেন্টাল কেয়ার “সেরা কন্ঠ শিল্পী” প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড সম্পন্ন হয়েছে। ২৩ জুলাই সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে এই প্রতিযোগীতার শেষ বিচারকার্য সম্পন্ন হয়। চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক মতলবের আলো পত্রিকার গৌরবের ১১বছর পূর্তি উপলক্ষে ‘সেরা কন্ঠ শিল্পী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার ইভেন্ট পার্টনার হিসেবে ফেমাস ডেন্টাল কেয়ার এবং সহযোগিতায় রয়েছে চাঁদপুর শিল্পী কল্যান সমিতি। ফাইনাল রাউন্ডে স্থানীয় ৪জন সিনিয়র শিল্পী বিচারকের দ্বায়িত্ব পালন করেন।
ফাইনাল রাউন্ডের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস। দৈনিক মতলবের আলো’র নির্বাহী সম্পাদক ডা. মাসুদ হাসানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, অনুষ্ঠানের ইভিন্ট পার্টনার ফেমাস ডেন্টাল কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ডা. রাশেদা আক্তার, চাঁদপুর জেলা ফটোজানালিস্ট এসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সদস্য সচিব ইয়াহিয়া কিরণ।
উৎসব উদযাপন পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদের প্রাণবন্ত সঞ্চালনায় ফাইনাল রাউন্ডের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চাঁদপুরের এনএসআই এর ডিডি ও কণ্ঠশিল্পী এবিএম ফারুক হোসেন, কণ্ঠশিল্পী ইতু চক্রবর্তী, কৃষ্ণা সাহা, তাহমিনা হারুন।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস বলেন, দেশের উন্নয়নের পাশাপাশি আমাদের শিল্পসংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তা না হলে দেশ পিছিয়ে যাবে। মহান মুক্তিযুদ্ধের সময়ে সংগীথ আমাদের অনেক অনুপ্রেরণা দিয়েছে। আমরা যখন যুদ্ধের মাঠে ছিলাম তখন বাঁচবো কি মরবো তা জানতাম না। ওই সময়ে সংগীত আমাদের প্রেরণা দিয়েছে।
তিনি আরো বলেন, আমাদের সন্তানদের লেখা-পড়ার পাশাপাশি শিল্প-সাংস্কৃতির সাথে সম্পৃক্ত রাখতে হবে। এবং তাদের বেশী বেশী করে প্রতিযোগীতায় অংশগ্রহণ করাতে হবে। তাহলে তাদের মাঝে বড় হওয়ার প্রত্যয় সৃষ্টি হবে। দৈনিক মতলবের আলো যে আয়োজন করেছে তাতে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই ধারাবাহিকতা আগামীতেও অব্যহত থাকবে বলে আমি বিশ্বাস করি।
সেরা কন্ঠ প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে অংশ নেওয়া শিল্পীরা হলো, কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের লুন্তি গ্রামের মো. আনোয়ার হোসেন সিকদার ও শামসুন নাহারের পুত্র দ্বাদশ শ্রেণীর ছাত্র মো. সাইদুল আমিন সিফাত, চাঁদপুর শহরের আ. করিম পাটওয়ারী সড়কের মুনসেফপাড়ার অরুন কুমার পাল ও শ্যামলী রানী সরকারের কন্যা তনুশ্রী পাল। তনুশ্রী পাল চাঁদপুর সংগীত নিকেতনের শিক্ষার্থী ও মাতৃপিঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। চাঁদপুর শহরের পুরান আদালত পাড়ার নজরুল ইসলাম রনি ও নাসরীন ইসলামের পুত্র সিরাজুম মুনির পান্থ। পান্থ চাঁদপুর সুরধ্বনী একাডেমীর সংগীত বিভাগের শিক্ষার্থী ও চাঁদপুর সরকারি কলেজের এইচএসসি পরিক্ষার্থী। চাঁদপুর শহরের মিশন রোডের দিলীপ রায় ও লিপি রায়ের কন্যা দিপা রায় চৈতী। চৈতী চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর সংগীত বিভাগের শিক্ষার্থী ও খ্রীষ্টান মিশন স্কুলের ২য় শ্রেণীর ছাত্রী। চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের মৈশাদী গ্রামের আ. লতিফ দেওয়ান ও সুলতানা পারুলের পুত্র গিয়াস উদ্দিন দেওয়ান। গিয়াস চাঁদপুর সুরধ্বনী একাডেমীর সংগীত বিভাগের শিক্ষার্থী ও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। চাঁদপুর বাবুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি-২ অঞ্চল এলাকার আবদুল মাজেদ ও শাহানারা বেগমের কন্যা মেহবুবা শাহরিন নিহা। নিহা চাঁদপুর শিশু একাডেমীর সংগীত বিভাগের শিক্ষার্থী ও মাতৃপিঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। চাঁদপুর শহরের গুয়াখেলা রোড় এলাকার আব্দুস সোবহান সরকার ও সেলিনা জাহানের কন্যা তাসীন সোবহান বর্ষা। বর্ষা চাঁদপুর সপ্তসুর সংগীত একাডেমীর শিক্ষার্থী ও মাতৃপিঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। চাঁদপুর শহরের দক্ষিণ গুনরাজদী পাওয়ার হাউজ বালুরমাঠ এলাকার এম আই মমিন খান ও খান দিলারা মমিনের কন্যা উম্মে আয়েশা খানম শম্পা। শম্পা চাঁদপুর শিশু একাডেমীর সংগীত বিভাগের শিক্ষার্থী ও আল-আমিন একাডেমী ছাত্রী শাখার অষ্টম শ্রেণীর ছাত্রী। চাঁদপুর পুরানবাজার পূর্ব শ্রীরামদী এলাকার শাহাদাত বেপারী ও মনোয়ারা বেগমের পুত্র কামরুল হাসান। কামরুল চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর সংগীত বিভাগের শিক্ষার্থী ও পুরানবাজার ডিগ্রী কলেজের এইচএসসি পরিক্ষার্থী। এবং চাঁদপুর শহরের গুয়াখোলা রোডের রামেশ্বর ঘোষ ও তপু ঘোষের কন্যা তৃষা ঘোষ। তৃষা চাঁদপুর শিল্প একাডেমীর সংগীত বিভাগের শিক্ষার্থী ও মাতৃপিঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
প্রতিযোগিতায় চাঁদপুর জেলার কচুয়া, ফরিদগঞ্জ, হাজিগঞ্জ, হাইমচর, বৃহত্তর মতলব ও সদর উপজেলার শতাধীক শিশু-কিশোর শিল্পীদের (১০ থেকে ২০) বছরের শিল্পীদের নিয়ে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র থেকে যাত্রা হয় সেরা কন্ঠ শিল্পী প্রতিযোগিতার।
ইতি পূর্বে গত ৩ মার্চ প্রথম রাউন্ড, ১৪মার্চ দ্বিতীয় রাউন্ড ও ২৭ এপ্রিল সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
