
জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান ২১ বছর বয়সী মো. হাবিব খান। প্রবাসী জিবন কিন্তু স্বপ্ন পূরণ হয়নি, দশমাসের মধ্যে মৃত্যু বরণ করেন তিনি।
হাবিব চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবকলস এলাকার মিজানুর রহমান ও হোসনে আরা দম্পতির একমাত্র ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ২০২৩ সালের নভেম্বরে হাবিব সাড়ে পাঁচ লাখ টাকা ঋণ করে মো. রাশেদ নামে নারায়ণগঞ্জের এক দালালের মাধ্যমে ‘ফ্রি ভিসায়’ সৌদি আরবে যান। সৌদির মক্কা নগরে কিছুদিন একটি আবাসিক হোটেলে কর্মচারী হিসেবে কাজ করার পর কাজ ছেড়ে দেন। এরপর সেখানকার এক দালালের অধীনে থেকে মাঝেমধ্যে ছোটখাটো কাজ পেলেও তেমন পারিশ্রমিক পেতেন না। অধিকাংশ সময় কাটাতেন বসে বসে। নিজের হতাশা ও কষ্টের কথা জানাতেন বাবা-মাকে। এর মধ্যে গত ১৩ দিন আগে হঠাৎ তার বুকে ব্যথা অনুভব করলে। এক সহকর্মী তাকে মক্কার একটি হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্হায় রোববার রাত ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হবাবা মিজানুর রহমান খান বলেন, ছেলে অনেক স্বপ্ন নিয়ে সৌদি আরবে গিয়েছিল। যাওয়ার সময় ঋণ করতে হয় সাড়ে পাঁচ লাখ টাকা। বিদেশ গিয়ে তেমন কাজ না পাওয়ায় ওই টাকা এখনো শোধ হয়নি। এহন লাশের অপেক্ষায় আছি। শেষবারের মতো তার মুখটা একটু দেখতে চাই।
হাবিবের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালেহ আহাম্মদ বলেন, বিদেশ থেকে তার মরদেহ আনার বিষয়ে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে ।
