শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের নায়নগর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক পরিবারের প্রতিবন্ধী শিশু ও নারীসহ ৪ জন আহত হয়েছে। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরনে আহতদের পরিবার সুত্র জানায়, তাদের সাথে একই গ্রামের সিরাজুল ইসলাম গংয়ের সাথে দীর্ঘ দিন হতে পারিবারিক ভাবে শত্রুতা চলে আসছিল। ঘটনার দিন একটি গ্রাম্য শালিস হতে ফেরার পথে গ্রামের হোনারী বাড়ির আয়েশা বেগমের ঘরের উঠানে আসামাত্রই পূর্ব হতে উৎ পেতে থাকা সিরাজুল ইসলাম, তার পুত্র মোহাম্মদ আলী লিটন (৩৫), শাহাদাৎ হোসেন (৩০), ফয়সাল (২৫), তানিম (১৮), মৃত ছেরাজুল হকের পুত্র ফারুক (৩৫) ও আলী হোসেনের পুত্র বাবুল (৩৫) মিলে পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এ সময় মোঃ সিদ্দিকুর রহমানের পুত্র হারুন অর রশিদ (২২), বাক প্রতিবন্ধী কন্যা শিশু ফাহিমা (১২), হাসিনা (২৫) ও স্ত্রী রাফিয়া বেগম (৪৮) আহত হয়। আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত শাহরাস্তি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

