
মোঃ জামাল হোসেন ঃ
শাহ্রাস্তিতে লিজকৃত ভূমির উপর নির্মিত দুটি দোকান ভাংচুর করেছে একদল সন্ত্রাসী। ওই সম্পত্তিতে লিজকৃত দখলদারের রোপনকৃত দুটি বিশালাকার গাছ কেটে দখলের চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের খিলাবাজার বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিজকৃত ভূমির মালিক মোঃ মাহবুব আলম ঘটনার দিন একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিজকৃত মালিক, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, ওই দিন ভোররাতে উপজেলার চিতোষী পশ্চিম ইউপির পাথৈর গ্রামের মৃত শামছুল হকের পুত্র মোঃ মাহবুব আলমের লিজকৃত ভূমিতে নির্মিত দুটি দোকানঘর একই ইউপির দৈয়ারা গ্রামের মৃধা বাড়ির মৃত আবদুর রহিমের পুত্র আবদুর রব (৬৫), তার পুত্র মানিক (৪৫) ও ইসমাইল হোসেন (৪০), মৃত আমির হোসেন মাস্টারের পুত্র কামাল হোসেন (৫০) সহ অজ্ঞাতনামা ১০-১২জন সন্ত্রাসী ভাংচুর করে। ওই সময় তারা লিজকৃত সম্পত্তিতে রোপনকৃত দুটি বিশালাকার গাছ কেটে ও সম্পত্তির চারপাশে দখলের নিমিত্তে ঘর নির্মাণের চেষ্টা করে। সন্ত্রাসীরা ভাংচুরের সময় দোকানে রক্ষিত মালামাল সহ সকল আসবাবপত্র ভেঙ্গে ফেলে দেয়। ঘটনা জানতে পেরে লিজকৃত মালিকপক্ষ ঘটনাস্থলে এসে সন্ত্রাসীদের বাঁধা দিলে তারা কর্ণপাত না করে দখল চেষ্টা অব্যাহত রাখে। পরে দু’পক্ষের হামলার আশংকার সংবাদ পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ইউপি তহসিলদার উভয়পক্ষকে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির হওয়ার অনুরোধ করেন।
এ বিষয়ে লিজকৃত মাহবুব আলম জানায়, আমি জেলা প্রশাসকের কার্যালয়ের লিজ মোকদ্দমা নং-৩৭/২০০৩-০৪ মূলে প্রসন্নপুর মৌজার সরকারি ১নং খাস খতিয়ানের সাবেক ৩০৭ হাল ৫৮১ দাগে মো. ১৬.৬০ বর্গমিটার ভূমিতে মালিক ও ভোগ দখলকার আছি। যা ১৪২১ বাংলা সন পর্যন্ত লিজ মানি পরিশোধ করিয়াছি। বর্তমানে ১৪২২ ও ১৪২৩ বাংলা সনের লিজ মানি পরিশোধের জন্য আবেদন দাখিল কারিয়াছি, যা প্রক্রিয়াধিন অবস্থায় আছে। প্রতিপক্ষগণ অবৈধভাবে ওই সম্পত্তিতে প্রবেশ করে দোকানঘর ভাংচুর, গাছগাছালি কর্তণ সহ বিবিধ ক্ষতি সাধন করে।
ক্ষতিগ্রস্থ দোকানী নুর ইসলাম (৪২) জানায়, আমি বিগত ২ বছর ওই স্থানে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করে আসছি। আমি নিতান্তই অসহায় ও অভাবি মানুষ। পেটের দায়ে পরিবার নিয়ে পথে বসার উপক্রম হওয়ায় লিজ মালিক মাহবুব আলম মানবিক কারণে আমাকে বিনে পয়সা ওই স্থানে ব্যবসা করার সুযোগ করে দেয়। সন্ত্রাসীরা দোকানঘর ভেঙ্গে সমস্ত মালামাল ফেলে দিয়ে আমাকে নিঃস্ব করে দিয়েছে। বর্তমানে পরিবার নিয়ে পথে বসার উপক্রম হয়ে পড়েছে। আমি এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা ও সুবিচার প্রার্থণা করি।
শিরোনাম:
শনিবার , ৯ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
