মোঃ জামাল হোসেন ঃ
শাহারাস্তিতে মোঃ সোহেল (২৮) নামে এক অটোরিক্সা চালককে দুর্বৃত্তরা জবাই করে হত্যার চেষ্টা চালিয়েছে। বৃহস্পতিবার শাহ্রাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউপির গঙ্গারামপুর গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত চালকের পরিবার জানায়, ওই রাতে একই ইউপির শাহরাস্তি ষ্টেশন বাজার এলাকা থেকে পাশ্ববর্তি যাদবপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে এরশাদ (৩০) ও রায়শ্রী দক্ষিণ ইউপির রঘুরামপুর গ্রামের জালাল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (২৩) অটোরিক্সা চালক সোহেলের গাড়িতে উঠে তাদের গন্তব্যে রওয়ানা দেয়। পরে তারা গঙ্গারামপুর এলাকার খান বাড়ি সংলগ্ন স্থানে পৌঁছলে অটোরিক্সা চালক সোহেল ভাড়া চাইলে তারা তা দিতে অস্বীকৃতি জানায়। এতে তারা তর্কে লিপ্ত হয়ে সোহেলকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। ওই সময় সোহেল আত্মরক্ষার চেষ্টা চালালে আরোহী এরশাদ ও রফিকুল তাদের সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে পেটে, গলায় আঘাত করে। এতে তার গলা ও পেট কেটে রক্তাক্ত জখম হয়। তখন সোহেল আত্মরক্ষার্থে চিৎকার করলে ঘটনাস্থলের পাশ্ববর্তি বাড়ির আবদুল মতিনের ছেলে মুকুল (৩০) ও মিতুল (২২) ছুটে এসে সোহেল গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে। পরে রাত ১২টায় তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অচিন্ত্য কুমার চক্রবর্তী তার অবস্থা বেগতিক দেখে জরুরী বিভাগের চিকিৎসা শেষে ভর্তি দেয়।
এদিকে আহত সোহেল জানায়, ২০১২ সালে আমি অটোরিক্সাটি ক্রয় করে জীবিকা নির্বাহের জন্য পরিচালনা করে আসছি। হামলাকারীদ্বয় প্রায়শঃ আমার গাড়ীতে যাতায়াত করতো এবং ভাড়া নিয়ে বাকবিতন্ডা করতো। ঘটনার দিন তারা কি কারণে আমার প্রাণনাশের চেষ্টা চালিয়েছে তা আমি বলতে পারবো না।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম পাটোয়ারী লিটন ঘটনাটি জানতে পেরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত সোহেলকে দেখতে যান।
শিরোনাম:
বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
