ফরিদগঞ্জ সুবিদপুর পশ্চিম ইউপির
সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের চেহলাম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ হাবিবুর রহমানের চেহলাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মুন্সীরহাট জিএন্ডএ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত চেহলামে ১০ সহ¯্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। সকালে এ উপলক্ষে মুন্সীরহাট জামে মসজিদে কোরানখানি, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মুন্সীরহাট আইএইচ ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা মাহবুবুর রহমান এবং মোনাজাত পরিচালনা করেন আলহাজ মাওলানা ছিদ্দিকুর রহমান।
চেহলামে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ ড. মো. শামছুল হক ভূইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ নাছির উদ্দিন আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাহেদুল ইসলাম রোমান, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহ্বুবুর রহমান সুমন, জেলা বিএনপি নেতা আব্দুল কাদের বেপারী, জেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর বেপারী, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মাহবুবুল বাসার কালু পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম কন্ট্রাক্টর, হাইমচর উপজেলা যুবলীগ সভাপতি আতিকুর রহমান পাটওয়ারী, সহ-সভাপতি জুয়েল, বালিথুবা পূর্ব ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ শাহাদাত হোসেন খান নয়ন, সুবিদপুর পশ্চিম ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবুল চৌধুরী, ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাচ্চু মিয়া মজুমদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
উল্লেখ্য, ফরিদগঞ্জ সুবিদপুর পশ্চিম ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমান ৮২ বছর বয়সে ২০১৬ সালের ৪ ডিসেম্বর দিবাগত রাত সোয়া ২টায় চাঁদপুরস্থ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৫ মেয়ে নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে যান।
মরহুম আলহাজ হাবিবুর রহমান ১৯৫৫ সালে চাঁদপুরের ডিএন স্কুল থেকে এসএসসি পাস করে কর্মজীবনে প্রবেশ করেন। কর্মজীবনে তিনি চাঁদপুরের ডব্লিউ রহমান জুট মিলে, পরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে চাকরি করেন। স্বাধীনতার পর তিনি নিজ এলাকার সুবিদপুর পশ্চিম ইউনিয়নে ব্যবসা শুরু করেন। প্রথম দিকে বিভিন্ন ব্যবসা করলেও পরবর্তীতে স্থায়ীভাবে ইট তৈরির ব্যবসা করেন। একে একে এলাকায় ৩টি ইট ভাটা তৈরি করে ছেলেদের পরিচালনার দায়িত্ব দেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ১৯৭৩ সাল থেকে একটানা ১৮ বছর সুবিদপুর পশ্চিম ইউপির নির্বাচিত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। চেয়ারম্যান হিসাবে হাবিবুর রহমান ব্যাপক জনপ্রিয়তা ও পরিচিতি লাভ করেন। ১৯৮৫ সাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি মুন্সীরহাট জিএন্ডএ আলী উচ্চ বিদ্যালয়ে সভাপতির দায়িত্ব পালন করেন।
মরহুম হাবিবুর রহমান ছিলেন একজন ধর্মভীরু ব্যক্তি। তিনি ১৮ বার পবিত্র হজ পালন করেন। আলহাজ হাবিবুর রহমান নিজ অর্থায়নে ১৯৮৪ সালে প্রতিষ্ঠা করেন মুন্সীরহাট ইদ্রিছিয়া হাবিবিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা এবং মৃত্যুর দিন পর্যন্ত তিনি সভাপতির দায়িত্ব পালন করেন।
চেহলামে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মরহুমের ছেলে আলহাজ মাহ্বুবুর রহমান টিটু মুন্সী, আলহাজ আনোয়ার হোসেন মামুন মুন্সী, আলহাজ শামীম মুন্সী ও আলহাজ শাহাদাত হোসেন মুন্সী।
