প্রতিনিধি
আজ ২৯ জানুয়ারি রোববার থেকে ফরিদগঞ্জ উপজেলার পৌরসভাসহ ১৬টি ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ২৮ জানুয়ারি শনিবার থেকে এই কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সভাপতি নিয়ে সমস্যার সমাধান না হওয়ায় তার একদিন পিছিয়ে দেয়া হয়েছে।
জানা গেছে, সাবেক সোনালী ব্যাংক ব্যবস্থাপক ও যুদ্ধকালিন প্লাটুন কমান্ডার আলী হোসেন ভূঁইয়াকে সভাপতি করে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি অনুমোদন দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে বিক্ষুব্ধ হয়ে উঠে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা। তাছাড়া স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারও অগ্রাহ্য করা হয় বলে তারা জানান। ফলে সংবাদ সম্মেলন করে সভাপতি পদে নতুন কাউকে মনোনয়ন দেয়ার দাবি জানান। এর প্রেক্ষিতে গত ২৬ জানুয়ারি মন্ত্রণালয় সভাপতি পদের স্থানে নাম শূন্য রেখে যাচাই-বাছাই কমিটির তালিকা পাঠায়। এর ফলে শনিবার থেকে যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু করতে সমস্যা বাঁধে। ফলে শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও কমিটির সদস্য সচিব পুনরায় সভাপতি পদের বিষয়ে ষ্পষ্ট সিদ্ধান্ত চেয়ে ফ্যাঙ্ করেন। সেই প্রেক্ষিতে মন্ত্রণালয় কমিটির সদস্যদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে সভাপতি নির্বাচনের জন্য চিঠি প্রেরণ করলে সমস্যার সমাধান হয়। সেই অনুযায়ী কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীকে সভাপতি নির্বাচিত করেন।
এ ব্যাপারে ফরিদগঞ্জের ইউএনও মন্ত্রণালয় থেকে চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে জানান, মন্ত্রণালয় প্রেরিত সর্বশেষ চিঠিতে উপস্থিত সদস্যদের মধ্য থেকে তাদেরকে সভাপতি নির্বাচনের দায়িত্ব দেয়। তাই চিঠি অনুযায়ী আমরা সর্বসম্মতিক্রমে আবুল খায়ের পাটওয়ারীকে সভাপতি নির্বাচিত করি। একই সাথে পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী রোববার থেকে যাচাই-বাছাই চলবে। শনিবারের যাচাই-বাছায়ের জন্য থাকা ৪টি ইউনিয়নের আবেদনকারীদেরকে পরবর্তীতে সময়সূচি জানিয়ে দেয়া হবে।
