প্রতিনিধি
চাঁদপুর হরিনা ফেরিঘাট এলাকায় মেয়াদোত্তীর্ণ আকিজ গ্রুপের ক্লেমন পানি বিক্রি করলে জনতার হাতে আটক হয় পানি ভর্তি বোতলগুলো। স্থানীয় দোকানদাররা সেলস্ম্যানসহ স্থানীয় পরিবেশকের গাড়ি আটক করে রাখে। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার দুপুরে। জানা যায় চাঁদপুর শহরের আলিফ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জামাল-সাকিবের কর্মচারীরা হরিণা-চান্দ্রা এলাকার কোমল জাতীয় পানি বিক্রি করে আসছেন। গত ২ সপ্তাহ আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মেয়াদ শেষ হওয়া ক্লেমনের পানি সরবরাহ করেন। স্থানীয় জেলে ও এলাকার ছেলে-মেয়েরা এগুলো খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। গতকাল মঙ্গলবার সকালে ফেব্রুয়ারি মাসে মেয়াদ শেষ হওয়া ক্লেমন পানি কয়েকটি দোকানে সেলস্ম্যান মোঃ ফয়সাল দিয়ে আসেন। স্থানীয় দোকানদার আবুল কালাম ও হারুন সেলস্ম্যানকে মেয়াদোত্তীর্ণ কোমল পানির কথা জিজ্ঞেস করলে তিনি বলেন স্থানীয় পরিবেশক তাদেরকে এ পানি বিক্রি করার জন্য পাঠিয়েছেন। ক্লেমনের চাঁদপুরের এরিয়া ম্যানেজার শওকত আলমের সাথে মেয়াদোত্তীর্ণ কোমল পানি বিক্রির ব্যাপারে জিঞ্জেস করলে বলেন, গাড়ির ভিতর রাখা পানির মধ্যে গত সোমবারের দোকানীদের দেয়া কিছু ফেরত মাল ছিলো। হয়তো সেই মাল চলে গেছে। এটা তো কোনো অপরাধ নয়। মাঝে মধ্যে একটু ভুল হতে পারে।
চাঁদপুরের আলিফ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জামাল সাকিব সাংবাদিকদের বলেন, আমরা ডেমিজ মালগুলো পরিবর্তন করবো। কিন্তু এ মালগুলো গত ২/৩ দিন আগে কোম্পানীর কাছ থেকে আনা হয়েছে। যদি পারেন তাহলে আপনারা কোম্পানীর বিরুদ্ধে মামলা করেন। এক পর্যায়ে উত্তেজিতভাবে কথা বলতে থাকলে এলাকাবাসীর চাপে পড়ে এ ধরনের মাল বিক্রি করবে না বলে সকলের কাছে ক্ষমা চান।
স্থানীয় দোকানদাররা সাংবাদিকদের বলেন, প্রায়ই সময় এ পরিবেশকের লোকজন কমদামে বিভিন্ন মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রি করে থাকেন। স্থানীয় প্রশাসনের কাছে এলাকাবাসী ও স্থানীয় দোকানদারগণ এসব অবৈধ মেয়াদোত্তীর্ণ পরিবেশকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদন জানান।
