
স্টাফ রিপোর্টার
পুরাণবাজার খাল রাস্তায় তুচ্ছ ঘটনায় জুম্মান (১৮) নামে এক স্কুল ছাত্রের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় সোমবার রাত সাড়ে ১০টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এলাকা সূত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যার পর রাস্তায় সাইকেল চালানোর সময় রিফিউজি কলোনীর ক’জন কিশোরের সাথে মোম ফ্যাক্টরীর ক’জন কিশোরের কথা কাটাকাটি হয়। পরে সিনিয়র-জুনিয়র নিয়ে উভয়ের মধ্যে ধাক্কা ধাক্কির ঘটনা ঘটে। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টাও করা হয়। এক পর্যায়ে এক গ্রুপ রাজনৈতিক প্রভাব বিস্তার করে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া করে। রাত ১০টার দিকে চুন্নু গাজীর বাড়ির সামনে তার স্কুল পড়ুয়া ছেলের উপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয়। আহত জুম্মান জানায়, তার উপর কামালের ছেলে সজিব, সুইখোর ফাক্কুর ছেলে শাহীন, খালেইক্যার ছেলে জহির, দশ রাজু, আল আমিন, লেচি ও বিল্লালের ছেলে শাকিল হামলা করে। তাদের হাতে চাপাতি, হকিস্টিক ও ধারালো ছুরি ছিলো। মারামারির খবর পেয়ে পুরাণবাজার ফাঁড়ি পুলিশ ও চাঁদপুর মডেল থানা পুলিশ নতুন রাস্তায় অবস্থান করলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করবেন বলে আহত জুম্মানের বাবা চুন্নু গাজী জানান। জুম্মান মধুসূদন হাইস্কুলের দশম শ্রেণী ছাত্র।
উল্লেখ্য, দুই মহল্লার বখাটে তরুণদের উৎপাত ইদানীং বৃদ্ধি পেয়েছে। বন্ধুদের আড্ডা ও জুনিয়র-সিনিয়র নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়ছে তারা। স্থানীয় বড়রা তাদের পক্ষ নিয়ে তুচ্ছ ঘটনাকে পরে রাজনৈতিক দলের মধ্যে বিভক্ত করায় প্রায়ই সংঘর্ষ মারামারি ও হামলার ঘটনা ঘটছে।
