
বিশেষ প্রতিনিধি
হাজীগঞ্জে জেএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক পরীক্ষার্থীকে অপহরণ চেষ্টাকালে তিন যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রীর মা হাজীগঞ্জ থানায় তিন যুবকসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। আসামীরা হলো : উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর গ্রামের জামাল হোসেনের ছেলে নুরে আলম কামাল (২৬), আবদুল মান্নানের ছেলে রাজু বেপারী (২৩) ও পৌরসভাধীন টোরাগড় গ্রামের শুকুর গাজীর ছেলে রহমত উল্যা (২২)।
মামলার বিবরণ ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে শুক্রবার দুপুরে ওই ছাত্রী সিএনজি স্কুটারযোগে বাড়ি রওয়ানা দেয়। কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের আলীগঞ্জ সেতুর উপর পৌঁছলে নূরে আলমের নেতৃত্বে পাঁচ যুবক তাদের গাড়ি থামায়। তারা ওই ছাত্রীকে গাড়ি থেকে নামিয়ে অন্য একটি সিএনজি স্কুটারে তোলে। শাহ্রাস্তি উপজেলাধীন ধোপল্লা বাজার অতিক্রম করার সময় মেয়েটির ডাক চিৎকারে স্থানীয় জনতা সিএনজি স্কুটারটি আটক করে তিন যুবককে ধরে ফেলে। অন্য দুজন পালিয়ে যায়।
ছাত্রীর মা জানান, নুরে আলম পেশায় সিএনজি স্কুটার চালক। তার মেয়ে টংগীর পাড় উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিচ্ছে। নুরে আলম কয়েক মাস ধরে তাকে উত্ত্যক্ত করে আসছে। পরীক্ষা শুরু হওয়ার পর আরও দু বার সে তার মেয়েকে অপহরণের চেষ্টা করেছে। ছাত্রীর গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলাধীন হাটিলা পূর্ব ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্আলম জানান, আটককৃত তিন যুবককে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে থানা হাজতে থাকা নুরে আলম জানায়, ওই মেয়ের সাথে তার বিয়ের কথা চলছিলো। কিন্তু মেয়ে রাজি না হওয়ায় তাকে সে উঠিয়ে নেয়ার চেষ্টা করেছে।
