শওকত আলী ও রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুরের হাজীগঞ্জে-কচুয়া সড়কের রেল ক্রসিং এলাকায় সাগরিগা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে শিহাব (৩৫) ও কালু (৩০) নামে ২জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে হাজীগঞ্জ বাজার থেকে ৬ যাত্রী নিয়ে একটি ব্যাটারি চাালিত অটোবাইক রেলক্রসিং পার হওয়ার সময় দূর্ঘটনার কবলে পড়ে। এ সময় অন্যান্য যাত্রীরা লাফিয়ে পড়ে বাঁচলেও শিহাব ও অটো চালক কালু বাঁচতে পারেনি। শিহাব হাজীগঞ্জ সদর উপজেলার পূর্ব কাজিরগাঁও গ্রামের আব্দবুল হকের ছেলে এবং বাজারের ব্যবসায়ী। কালু একই গ্রামের মো. লেদার ছেলে এবং পেশায় অটো চালক। স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে হাজীগঞ্জ বাজারের আমিন রোড থেকে নিহতরাসহ আরো ৬ যাত্রী তাদের বাড়িতে যাওয়ার সময় এই দূর্ঘটনার কবলে পড়ে। দূর্ঘটনা কবলিত এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের বড় আকারের পাথরের স্তুপ থাকার কারনে ট্রেন কোন দিক থেকে আসে তা নির্নয় করতে পারেনি। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম বলেন, সংবাদ পাওয়ার পর আমারা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত দু’জনের দেহ খন্ড বিখন্ড হয়েগেছে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। অটোবাইকটি প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে ছিটকে পড়েছে। বিষয়টি চাঁদপুর জিআরপি থানায় জানানো হয়েছে। ঘটনাস্থল রেলক্রসিং-এ কোন গেইট নেই বলেও জানান ওসি। চাঁদপুর রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উসমান গণি পাঠান জানান, খবর পেয়ে তাৎক্ষনিক উপ-পরিদর্শক (এসআই) শহীদ উল্যাহসহ পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
