হাজীগঞ্জে হার্বাল চিকিৎসায় অশ্লীল বিজ্ঞাপন সড়কে বিলিকরার সময় আটক দুই বিলিকারককে ৫ হাজার টাকা করে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। জরিমানার টাকা অনাদায়ে এদেরকে তিন দিনের করে জেল দেয় আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়ালিউজ্জামান।
সাজাপ্রাপ্তরা হলো : কুমিল্লার লাকসাম উপজেলার জনারদারপুর গ্রামের মেহের আলীর ছেলে সুজন (১৮) ও একই এলাকার মৃত জুনাব আলীর ছেলে নাসির আহমেদ (১৮)। পুলিশ এদিন সন্ধ্যার পরেই এ দু’জনকে চাঁদপুর জেল হাজতে পাঠিয়ে দেয়। এরা যে হার্বাল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বিলি করছে সেটি লাকসাম এলাকার।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে হাজীগঞ্জ বাজার ও বাজার সংলগ্ন এলাকা সমূহে হার্বাল ঔষধের নামে অপচিকিৎসকগণ অশ্লীল ভাষায় তাদের প্রতিষ্ঠানের লিফলেট বিলি করে আসছে। বিশেষ করে অশ্লীল এ সকল লিফলেট ঐ সকল প্রতিষ্ঠানের লোকজন গণপরিবহন ও রিক্সায় ছুড়ে মারে। একইভাবে গতকাল দুপুরে হাজীগঞ্জ বাজারে দুটি ভুয়া হার্বাল প্রতিষ্ঠানের অশ্লীল লিফলেট বিলিকরণের সময় হাতে নাতে এদের আটক করা হয়।
হাজীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও সংবাদকর্মী গাজী মোহাম্মদ নাছির উদ্দিন চাঁদপুর নিউজকে জানান, অশ্লীল এসব লিফলেটের কারণে মা-বোনদের নিয়ে সড়কে আসা যায় না। যখন-তখন লিফলেট বিলির কারণে মাঝে মধ্যে বিড়ম্বনার শিকার হতে হয়। যার কারণে আজ তাদেরকে পুলিশের সহায়তায় আটক করা সম্ভব হয়েছে।
দু’জনকে জেলে প্রেরণের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বলেন, হাজীগঞ্জে থাকা অবৈজ্ঞানিক যে কোনো হার্বাল চিকিৎসা কেন্দ্র বা চিকিৎসককে আইনের আওতায় আনা হবে।
–

