
চাঁদপুর শহরের পুরানবাজারে মাদক কারবারিদের দু’গ্রুপের সংঘর্ষে প্রাণ হারালো পথচারী শামিম গাজী। নিহত শামীম গাজী পুরানবাজার পৌর এলাকার ২নং ওয়ার্ডের মধ্য শ্রীরামদী বউবাজার লেবার সর্দার তাজু গাজীর ছেলে।
শামিম গাজী চাঁদপুর শহরের কবি নজরুল সড়কের গ্রান্ড হিলশা নামক হোটেলে কাজ করতো। ৪ ভাই ১ বোনের মধ্যে শামিম ছিল ভাইদের মধ্যে তৃতীয়। বছর কয়েক আগে সে সংসার জীবন শুরু করে লিমা আক্তারকে বিবাহ করে। সুখের সংসারে তাদের ঘর আলোকিত করে লামিম নামের নয় মাসের শিশু পুত্র। তার মৃত্যুর ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
গত ২৯ জুন রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরার পথে মাদক কারবারিদের দু’গ্রুপের সংঘর্ষে শামিমেম জীবন প্রদীপ নিভে যায়। স্বল্প আয়ের নিহত যুবক শামিমের স্ত্রী লিমা আক্তার ও ৯ মাস বয়সি শিশু পুত্র লামিমের ভবিষত কি হবে এমন প্রশ্ন এখন সবার মুখে মুখে।
গত ২৯ জুন পুরানবাজারে মাদক ব্যবসায়ির মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষ চলাকালে পথচারী শামিম হেটে হেটে বাসায় ফিরছিল। আচমকা হামলাকারিদের ইট এসে পরল শামিমের মাথায়। রাস্তায় সে লুটিয়ে পরে। লোকজন ধরাধরি করে তাকে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিক্যালে। ৩০জুন মঙ্গলবার সকাল ছয়টায় শামিম চলে যায় পরপারে।
সকালে শামিমদের বাসায় গিয়ে দেখা যায়, পরিবারের আর্তনাদে এলাকার বাতাস ভাড়ি হয়ে উঠে। নিহত শামিমের স্ত্রী লিমা আক্তার স্বামির শোকে প্রায় পাথর হয়ে আছে। অবুঝ শিশু লামিমের কান্না যেন কেউ থামাতে পারছেনা। শামিমের পরিবার ছেলে হত্যার সুষ্ঠ বিচার চেয়েছেন প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও প্রশাসনের কাছে।
