চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন নিয়ে ডাঃ দীপু মনি এমপিসহ ৪ এমপির বৈঠকে সিদ্ধান্ত
আওয়ামী লীগের একক চেয়ারম্যান প্রার্থী অ্যাডঃ নূরুল আমিন রুহুল
স্টাফ রিপোর্টার:
অবশেষে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থীর নাম ঘোষণা করা হলো। এ সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন মতলব উত্তরের কৃতী সন্তান ও ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডঃ মোঃ নূরুল আমিন রুহুল। চাঁদপুরের চার এমপি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এক বৈঠকে একক প্রার্থীর ব্যাপারে এ সিদ্ধান্ত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, দলের অন্যতম মুখপাত্র এবং স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ডের অন্যতম সদস্য ডাঃ দীপু মনি এমপি গতকাল রাতে এ তথ্য জানান। চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের ঢাকাস্থ বাসায় গতকাল রোববার এ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত অন্য এমপিদের সাথে কথা বললে তাঁরাও বিষয়টি নিশ্চিত করেন।
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রথমে আওয়ামী লীগের সমর্থন পান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক লেঃ কর্নেল (অবঃ) আবু ওচমান চৌধুরী। কিন্তু তাঁর ভোটার হওয়া সংক্রান্ত জটিলতার কারণে তিনি প্রার্থী হতে না পারায় প্রার্থী পরিবর্তন করার সিদ্ধান্ত আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহল অবশেষে দেরিতে হলেও গ্রহণ করতে পেরেছে। ডাঃ দীপু মনি জানান, ব্যক্তিগত ব্যস্ততা এবং কেউ কেউ দেশের বাইরে থাকায় আমরা চাঁদপুরের এমপিরা একসাথে বসতে একটু দেরি হয়ে গেছে। তারপরও একটু দেরিতে হলেও আমরা বসে একক প্রার্থীর ব্যাপারে ঐকমত্যে পেঁৗছতে পেরেছি। সকলে আমরা চেয়ারম্যান পদে অ্যাডঃ নূরুল আমিন রুহুলকে সমর্থন দিয়েছি। একই সাথে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দলের অন্য যে তিনজন রয়েছেন তাঁদেরকে নির্বাচন থেকে সরে গিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্যে অনুরোধ জানাচ্ছি।
গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, ডাঃ দীপু মনি এমপি, মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, ড. মোহাম্মদ শামছুল হক ভঁূইয়া এমপি এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। চাঁদপুরের আরেক এমপি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম কর্মব্যস্ততার কারণে এ বৈঠকে উপস্থিত থাকতে পারেন নি। বৈঠকে উপস্থিত অন্য এমপিদের সাথে কথা বললে তাঁরাও বিষয়টি নিশ্চিত করেছেন।
