চাঁদপুর নিউজ রিপোর্ট
প্রাণের টানে-বন্ধুত্বের আহ্বানে-এ সস্নোগান নিয়ে আজ চাঁদপুরের ঐতিহ্যবাহী গভঃ টেকনিক্যাল হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসবকে ঘিরে বিদ্যালয় ও তার আশেপাশের এলাকা বর্ণিল সাজে সেজেছে। নেয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বিদ্যালয়ের ৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসবে যোগ দিতে ইতিমধ্যে দেশ ও দেশের বাইরে থেকে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের পরিবার পরিজন নিয়ে চাঁদপুর এসেছেন।
চাঁদপুরে সরাসরি প্রথম সরকারি হাইস্কুল হিসেবে টেকনিক্যাল হাইস্কুলটি নানা স্মৃতিবহ ও ঐতিহাসিক ঘটনার সাক্ষী বহন করে আছে। মহান মুক্তিযুদ্ধ হতে শুরু করে নানা ঐতিহাসিক ও স্মৃতিবহ ঘটনা রয়েছে এ স্কুলকে ঘিরে। দুর্যোগ দুর্বিপাক ও দেশের ক্লান্তিকালে প্রতিরক্ষা বাহিনী হতে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরের অস্থায়ী কার্যালয় করা হয় এখানে। সাবেক শিক্ষার্থীরা আজকের স্মৃতিচারণ পর্বে সেই পুরনো স্মৃতি রোমন্থন করবেন। মিলনমেলা উপলক্ষে আজ সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। র্যালিটি আব্দুল করিম পাটোয়ারী সড়ক হয়ে শপথ চত্বর ঘুরে শহীদ মুক্তিযোদ্ধা সড়ক হয়ে পুনরায় স্কুলে ফিরে আসবে।
এরপর পর্যায়ক্রমে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সাবেক শিক্ষক ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, সুবর্ণ জয়ন্তীর ফলক উন্মোচন, কেক কাটা, বৃক্ষরোপণ, বেলুন উড়ানো, ফটোসেশন, বর্ণিল আতশবাজি, বৈকালিক পিঠা ও চা-চক্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় র্যাফেল ড্র। ইতোমধ্যে প্রায় ৯শ’ শিক্ষার্থী তাদের রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করেছেন। এছাড়া প্রাক্তন শিক্ষার্থীদের পরিবারের সদস্যসহ প্রায় এক হাজার আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানে অংশ নেবেন বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। গত তিনমাস যাবত অনুষ্ঠান সফল করতে চাঁদপুর ও ঢাকায় বেশ ক’টি প্রস্তুতি সভা করা হয়েছে। বিদ্যালয় মাঠে বিশাল প্যান্ডেলে আমন্ত্রিত অতিথিদের জন্যে প্রায় ২হাজার আসন বসানো হয়েছে। হাই প্রোফাইল এই অনুষ্ঠানটি বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের দেখতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যে অনুষ্ঠান স্থলের মাঠের বিভিন্ন স্থানে বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে। এ অনুষ্ঠানের বিশেষত্ব হচ্ছে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় সাবেক শিক্ষার্থীরাই অনুষ্ঠানের মূল অতিথি ও আকর্ষণ। ফকির শাহাবুদ্দিন, বাদশা বুলবুলসহ বেশ ক’জন ক্লোজআপ সেরা তারকা শিল্পী সুরের মুর্ছনায় ঝড় তুলবেন বলে জানা গেছে।
অনুষ্ঠানকে সফল করতে সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি, উদ্যাপন কমিটি, সমন্বয় কমিটি, রেজিস্ট্রেশন উপকমিটি, খাদ্য উপকমিটি, র্যালী উপকমিটি, আইন শৃঙ্খলা উপকমিটি, মাঠ মঞ্চ উপকমিটি, স্মরণিকা উপকমিটি, অভ্যর্থনা উপকমিটি, চিকিৎসা উপ-কমিটিসহ বেশ ক’টি কমিটি করা হয়েছে। ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘পিদিম’ নামে একটি আকর্ষণীয় স্মরণিকা ও চাঁদপুরের বিভিন্ন দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। নিশ্চিদ্র নিরাপত্তার জন্যে পুরো এলাকায় বেশ ক’টি সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুর থেকে রেজিস্ট্রেশনকারীদের মাঝে ব্যাগ, খাবার কুপনসহ অন্যান্য উপহার সামগ্রী সরবরাহ শুরু হয়েছে। আজ সকাল পর্যন্ত এ কার্যক্রম চলবে। বিদ্যালয়ের পূর্ব পাশের মাঠে আলাদা ক’টি স্টল স্থাপন করা হয়েছে। সার্বিকভাবে অত্যন্ত গোছানো ও চমৎকার পরিবেশে দৃষ্টি নন্দন অনুষ্ঠানটির সার্বিক আয়োজনের প্রস্তুতি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের যেমন উৎসাহিত করেছে তেমনি উৎসুক মানুষের দৃষ্টি থাকছে ঐতিহ্যের ধারক এ প্রতিষ্ঠানটির আজকে অনুষ্ঠানের প্রতি।
