
গতকাল সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ
পহেলা রমজান। ১৪৪১ হিজরি সনের অর্থাৎ এই বছরের রমজান একটি ইতিহাস হয়ে
থাকবে। সেটা হচ্ছে- করোনাভাইরাস (কোভিড-১৯) নামে মহামারী সারা বিশ্বকে
বিধ্বস্ত করে দিয়েছে। বাংলাদেশও এর বাইরে নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ইতিমধ্যে বাংলাদেশকে করোনা ভাইরাসে সংক্রমণ দেশ হিসেবে ঘোষণা করেছে।
চাঁদপুর জেলাও করোনায় আক্রান্ত জেলা। পুরো জেলা এখন লকডাউন অবস্থায় আছে।
কবে নাগাদ এই মহামারী থেকে জাতি মুক্তি পাবে সেটা অন্তর্যামী ছাড়া অন্য
কারো বলার সাধ্য নেই। এই মহাক্রান্তিকালেই মুসলিম উম্মাহকে সিয়াম সাধনার
মাস রমজানকে স্বাগত জানাতে হলো।
করোনার প্রভাবে দোকানপাট, ব্যবসা, অফিস আদালত সব বন্ধ। প্রায় একমাস যাবৎ
কর্মহীন হয়ে পড়া মানুষগুলো যে কীভাবে রমজান মাসটি পার করবে সে দুশ্চিন্তায়
তারা বিধ্বস্ত হয়ে আছে। কোনোরকমভাবে ইফতার, সেহরী করার মতো অবস্থাও অনেকের
নাই। নিদারুণ কষ্টে আছে বহু মানুষ। সরকারি এবং ব্যক্তিগত উদ্যোগে সাহায্য
সহায়তা আর কতদিন পর্যন্ত চলবে? বিপুল সংখ্যক জনগোষ্ঠীর মাঝে সঠিকভাবে খাদ্য
সহায়তা পৌঁছানোও শতভাগ সম্ভব নয়। এমতাবস্থায় মানুষ এখন একমাত্র আল্লাহর
রহমত, করুণা এবং তাঁর কৃপা দৃষ্টি ছাড়া অন্য কিছুই উপায় দেখছে না।
তবে সম্পদ ও অর্থ বিত্তশালীদের এখনই সময় কর্মহীন হয়ে পড়া মানুষগুলোর পাশে
দাঁড়ানো। অন্তত এই রমজানে কোনোরকমভাবে ইফতার ও সেহরী খেতে পারার
ব্যবস্থাটুকু করা উচিত বিত্তশালীদের।
