আজ মধ্য রাতে প্রচার-প্রচারণা শেষ -১০ অক্টোবর চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচন।
১০ অক্টোবর চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচন। এ নির্বাচনে ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র প্রার্থী তিন জন, ১৫টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৫০ জন এবং পাঁচটি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী ১৪ জন। ২৫ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দের দিন থেকে সকল প্রার্থীর জমজমাট প্রচারণা চলছে। প্রতিদিন বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রচার-প্রচারণায় মুখর থাকতো পৌরসভার ১৫টি ওয়ার্ডের অলিগলি। মাইকিং, প্রার্থীদের এবং তাদের সমর্থকদের গণসংযোগে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিলো পৌর এলাকায়। আর আজই শেষ সকল ধরনের প্রচার-প্রচারণা। আজ ৮ অক্টোবর মধ্য রাত থেকে সকল ধরনের প্রচার-প্রচারণা বন্ধ থাকবে। এটি নির্বাচন কমিশনের অন্যতম আচরণবিধি। তাই আজ রাত ১২টায় সকল প্রার্থী তাদের সকল ধরনের প্রচার-প্রচারণা শেষ করে ফেলবেন। মাঝখানে ৯ অক্টোবর একটি দিন। এদিন প্রার্থীরা সর্বশেষ হিসেব নিকেশ কষবেন। সবাই নির্বাচনী বৈতরণী পার হতে নানা কৌশল নিয়ে চিন্তা-ভাবনা করবেন। তবে সকল প্রার্থীই কেন্দ্রে ভোটার উপস্থিতির দিকে জোর দিয়েছেন।