চাঁদপুর নিউজ রিপোর্ট
আজ পহেলা মহররম। হিজরি নববর্ষ। শুরু হলো আরবি নতুনবর্ষ হিজরি ১৪৩৯ সন। বাংলাদেশের আকাশে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আরবি বছরের তথা হিজরি সনের প্রথম মাস মহররম মাসের চাঁদ দেখা গেছে। তাই ১০ মহররম পবিত্র আশুরা দিবস পালিত হবে আগামী ১ অক্টোবর রোববার। ঢাকা বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেছে ইসলামিক ফাউন্ডেশন।
আরবি বর্ষপঞ্জিতে মহররম বড়ই তাৎপর্যপূর্ণ। ১০ মহররম পবিত্র আশুরা নামে খ্যাত। ৬১ হিজরি সনের এই দিনে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রাঃ) ও তাঁর পরিবারের সদস্যরা তথা আহলে বাইতের সদস্যরা পাপাত্মা ইয়াজিদের সৈন্যদের হাতে দ্বীন ইসলামকে রক্ষার জন্যে কারবালার ময়দানে শহীদ হন। তাঁদের এই মহান আত্মত্যাগের বিনিময়ে আজ পৃথিবীতে দ্বীন ইসলাম বিকৃত অবস্থায় সমহিমায় টিকে আছে এবং কেয়ামত পর্যন্ত টিকে থাকবে। পবিত্র আশুরা তাই মুসলিম উম্মাহর জন্যে যেমনি তাৎপর্যময় তেমনি শোকাবহ দিন। দিনটি মুসলমানদের কাছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠারও দিন। এছাড়া পৃথিবী সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত অসংখ্য ঘটনার দিন এ পবিত্র আশুরা। শুধু মুসলমান নয়, সকল মানুষের কাছে দিনটি স্মরণীয়। ইতিহাসে বিশাল জায়গা দখল করে আছে পবিত্র আশুরা দিবস।
ইবাদত-বন্দেগির জন্যও এ দিবস অতুলনীয়। এ দিনটি আল্লাহ রাব্বুল আলামীনের কাছে খুবই প্রিয়। তাই তিনি এ দিনে রোজা পালনের সওয়াব প্রদান করে থাকেন বহুগুণে। মুসলমানদের কাছে বিগত বছরের গোনাহ্রে কাফফারা হিসেবে মহররমের দুটি রোজা রাখা খুবই গুরুত্বপূর্ণ। যা আরবি তারিখ গণনা হিসেবে ৯ ও ১০ মহররম।
হিজরি সনের সম্পর্ক চাঁদের সঙ্গে। এজন্যে এটাকে চন্দ্রবর্ষও বলা হয়ে থাকে। যেহেতু চাঁদ দেখার সঙ্গে হিজরি সন ও আরবি মাসের সম্পর্ক, এ জন্যে গুরুত্বপূর্ণ কয়েকটি ধর্মীয় দিবস সরকারিভাবে চাঁদ দেখার পর ঘোষণা দেয়া হয়।
ইতিহাসবেত্তারা বলেন, ৬২২ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর আল্লাহর নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা থেকে মদিনায় হিযরত করেন। মুসলিম জ্যোতির্বিজ্ঞানীরা ৬২২ খ্রিস্টাব্দের ১৪ বা ১৫ জুলাইয়ের সূর্যাস্তের সময়কে হিজরি সন শুরুর সময় হিসেবে নির্ধারণ করেছেন। আর এই হিজরি সন গণনা শুরু হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হিযরতের দিন থেকে। ১৭ হিজরি থেকে তৎকালীন মুসলিম বিশ্বের খলিফা হযরত ওমর (রাঃ)-এর শাসনামলে হিজরি সন গণনা শুরু হয়।

