স্টাফ রিপোর্টার:
গতকাল রোববার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের স্কুল শাখার শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। গত বছরের তুলনায় এ বছর প্রতিষ্ঠানটির পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তি উভয়ই বেড়েছে।
প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, আল-আমিন একাডেমী থেকে এ বছর ৫শ’ ৯২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫শ’ ৭০ জন। পাসের হার ৯৬.২৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১শ’ ১৮ জন। অন্যদিকে গত বছর এ প্রতিষ্ঠান থেকে ৫শ’ ৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছিলো ৪শ’ ৮৮ জন। পাসের হার ছিলো ৯৬.০৬ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছিলো ১শ’ ১৫ জন। গত বছরের চেয়ে এ বছর .২২ ভাগ শিক্ষার্থী বেশি পাস করেছে। পাশাপাশি ৩ জন বেশি জিপিএ-৫ পেয়েছে।
সাফল্যজনক ফলাফল অর্জন করায় শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোঃ আব্দুল গাফফার। তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, বরাবরের মতো এ বছরও আল-আমিন একাডেমীর শিক্ষার্থীরা চাঁদপুর জেলার জন্যে গৌরবজনক ফলাফল অর্জন করেছে। গত বছরের চেয়ে এবার আমাদের ফলাফল আরো ভালো হয়েছে। সবার আন্তরিকতা ছাড়া এমন ফলাফল অর্জন করা সম্ভব হতো না। আমি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি আগামীতে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আরো ঈর্ষণীয় ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
